
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) পদ থেকে পদত্যাগ করেছেন আবদুল মতিন পাটোয়ারী। গত রোববার (৩ অক্টোবর) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
সিএফওর পদে থাকা অবস্থায় নানা বিতর্কের জন্ম দেন আবদুল মতিন পাটোয়ারী। ডিএসইর কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বন্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। কর্মীদের সুযোগ-সুবিধা বন্ধ করলেও নিজের সুযোগ-সুবিধা ঠিকই বাড়িয়ে নেন। এ নিয়ে প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে বেশ ক্ষোভও দেখা দেয়।
এক সময় ডিএসইর ‘সি’ লেভেল অর্থাৎ প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) পদ তিনটি চুক্তিভিত্তিক ছিল। তবে কিছু কর্মকর্তা প্রভাব খাটিয়ে তা স্থায়ী করে নেন। সম্প্রতি ডিএসইর পরিচালনা পর্ষদ এ তিনটি পদ ফের চুক্তিভিত্তিক করার সিদ্ধান্ত নেয়।
এর পরিপ্রেক্ষিতেই মতিন পাটোয়ারী পতদ্যাগপত্র জমা দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। অবশ্য ডিএসইর এমডি বরাবর পাঠানো পদত্যাগপত্রে মতিন পাটোয়ারী ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। আর পদত্যাগের তারিখ নির্ধারণ করেছেন আগামী বছরের ১ জানুয়ারি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিএসইর এমডি তারেক আমিন ভূঁইয়া জাগো নিউজকে বলেন, সিএফও মতিন পাটোয়ারীর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটা প্রক্রিয়াধীন আছে। এটার তো একটা প্রভিশন প্রিয়ড থাকে।
পদত্যাগের কারণ জানতে মতিন পাটোয়ারীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আব্দুল মতিন পাটোয়ারী ডিএসইতে সিএফও হিসেবে যোগ দেন ২০১৫ সালের ৬ আগস্ট। আগে ডিএসইর সিএফও পদ চুক্তিভিত্তিক থাকায় উচ্চ বেতনে ডিএসইতে যোগ দেন মতিন পাটোয়ারী। তবে, ২০১৬ সালে ডিএসইর ‘সি’ লেভেল অর্থাৎ সিএফও, সিওও ও সিটিও পদ তিনটি স্থায়ী করা হয়।
চুক্তিভিত্তিক পদ স্থায়ী করা হলেও এ পদের কর্মকর্তাদের বেতন কাঠানো নতুন করে নির্ধারণ করা হয়নি। বরং নতুন করে তারা গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, আর্ন লিভ, ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড সুবিধা পাচ্ছেন।
সিএফওর পদ স্থায়ী করে গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, আর্ন লিভ, ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড সুবিধা দেওয়ার বিষয়ে ডিএসইর পর্ষদ সভার অনুমোদন নেওয়া হয় ২০১৬ সালের নভেম্বরে। বাড়তি সুবিধা দিয়ে ডিএসইর পর্ষদ সভায় সেসময সিদ্ধান্ত নেওয়া হয় নতুন বেতন স্কেল করার পর সিএফও এবং সিটিও’র বেতন পুনর্নির্ধারণ করা হবে। তবে বেতন স্কেল আর নতুন করে নির্ধারণ করা হয়নি।
অন্যদিকে, ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ডিএসইর কর্মকর্তাদের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) একটি লিখিত অভিযোগ করা হয়।
ওই অভিযোগপত্রে বলা হয়, ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময়ে বোর্ড এবং ম্যানেজমেন্টের সিদ্ধান্তে আমাদের (ডিএসই কর্মকর্তা) বেতন-ভাতাদি, সার্ভিস রুল, অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা দফায় দফায় কমানো হয়েছে, যা ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের ১৮(ছ) ধারার ব্যত্যয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন কয়েকদফা বাড়িয়েছেন, সেই ধারাবাহিকতায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও তাদের বেতন বাড়িয়েছে। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ বিভিন্ন সময়ে কর্মীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরিবর্তে বন্ধ করে দিয়েছে। যা ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের ১৮ (ছ) ধারার পরিপন্থি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্মীদের যেসব সুযোগ-সুবিধা বন্ধ করেছে তার একটি চিত্রও তুলে ধরা হয় চিঠিতে। এর মধ্যে রয়েছে-
>>> ২০১৮-১৯ অর্থবছরের পারফরমেন্স ইনক্রিমেন্ট বাতিল।
>>> ২০১৯-২০ অর্থ বছরের ইনক্রিমেন্ট, পারফরমেন্স ইনক্রিমেন্ট স্থগিত করা।
>>> অর্জিত ছুটি বাতিল (কর্মীদের জমানো অর্জিত ছুটি)।
>>> অর্জিত ছুটির টাকা বাতিল। গুটিকয়েক কর্মকর্তাকে টাকা দেওয়া এবং বিনা নোটিশে ছুটির টাকা না দেওয়া।
>>> যাতায়াত ভাতা বাবদ মূল বেতনের ২০ শতাংশ কর্তন।
>>> খাদ্য ভাতা বন্ধ। মাসিক ১ লাখ টাকা ক্যান্টিন বাবদ এবং জুনিয়র কর্মীদের কর্মস্থলের বাইরে কাজের কারণে যে খাদ্যভাতা দেওয়া করা।
>>> প্রফিট বোনাস ৫ শতাংশ বন্ধ করার প্রক্রিয়া চলমান।
>>> এলএফএ (লিভ ফেয়ার অ্যাসিসটেন্ট) বাবদ বেতনের ১০ শতাংশ কর্তন।
ডিএসইর একাধিক কর্মকর্তা অভিযোগ করে বলেন, ডিএসইর কর্মীদের সুযোগ-সুবিধা বন্ধের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন সিএফও মতিন পাটোয়ারী। তিনি একদিকে কর্মীদের সুযোগ-সুবিধা কমিয়েছেন, অন্যদিকে নিজের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন