
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা খাঁ পাড়া এলাকায় পূর্ব শক্রতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে চার লক্ষাধিক টাকার দেশীয় মাছের পোনা মরে গেছে।
এ ঘটনায় সোমবার (৪ অক্টোবর) দুপুরে মৃত সুলতান খার ছেলে আতিকুল ইসলাম বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনায় জরিত বিবাদীরা হলেন একই এলাকার মস্তু মিয়ার ছেলে রুবেল(৩৫) ও পাবেল(২৮), মৃত তাহের কারীর ছেলে খবির মিয়া(৩০), জালাল মিয়ার ছেলে পারভেজ মিয়া(৩০), সামছু মিয়ার ছেলে শরীফ মিয়া(২০), মাসুদ মিয়ার ছেলে হানিফ মিয়া (২২) ও আতা মিয়ার ছেলে রিফাত মিয়া (২২)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের ক্লাবের বাজার খাঁ পাড়ায় বাদী আতিকুল ইসলামের ৩৪ শতক আয়তনের একটি পুকুর রয়েছে। পুকুরটিতে ৪ লাখ টাকার দেশীয় মাছের পোনা ছাড়া হয়। মাছগুলোর বয়স ২৫-৩২ দিন হয়েছিল। প্রতিদিনের ন্যায় গত রবিবার (৩ আগষ্ট) সকাল ৮ টায় বাদী আতিকুল ইসলামের ছেলে জাহিদ মিয়া(১৬) পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন মাছগুলো মরে পানিতে ভেসে উঠতে থাকে।একপর্যায়ে পুকুরের সব মাছই মরে যায়।
ঐদিন ভোররাত থেকে সকাল পর্যন্ত কোনো এক সময় পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে করে ৪/৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী মাছচাষি আতিকুল ইসলাম জানান, তিনি গত তিন দিন সিলেট সফরে গিয়েছিলেন ঐ সুযোগে দুর্বৃত্তরা এমন ন্যাক্কার জনক কাজটি করেছে।
অভিযোগে বলেন, ২ ও ৪ নং বিবাদীরা প্রতিবেশী এবং তাদের একটি পুকুর বাদীর পুকুরের সাথে রয়েছে।
গত ২অক্টোবর ১:৩০ টায় বাদীর মেয়ের জামাই কবির হোসেন(৪০) পুকুরে কাজ করতেছিল এ সময় বিবাদীরা পুকুর থেকে উঠে যেতে বলে এবং কথা কাটাকাটি হলে দুর্বৃত্তরা মারধুর করে বিষ প্রয়োগে মাছ মেরে ফেলার হুমকি প্রদান করে।
এ ঘটনা থেকেই পুকুরটিতে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।
ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার জানান, আমি সংবাদ পেয়ে পুকুরটি দেখতে গিয়েছিলাম এবং অল্প সংক্ষক মাছের পোনা মৃত বেশে থাকতে দেখা গেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিবাদীরা তারা বলেন, কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে সেটি নিশ্চিত না হয়েই তাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কালাম-২ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেইসঙ্গে বিষ দেয়া ওই পুকুরটির পানি, ও মাছ পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই