
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, সমাজের প্রতিটি মানুষের গুণগত জীবনমান নিশ্চত করা সরকারের অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তার আওতা ব্যাপক বিস্তৃত করেছেন। প্রবীণদের গুণগত জীবনমান নিশ্চিতে বিভিন্ন নীতিমালার পাশাপাশি বিশেষ প্রতিষ্ঠান তৈরির কাজ চলমান রয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরে ৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রবীণদেরকে অবহেলা নয়, বিগত দিনের কথা স্মরণ করে তাদের সম্মানের আসনে অধিষ্ঠিত করেত হবে।
তিনি বলেন, আজকে যারা প্রবীণ বিগত দিনে তারাই ছিলেন নবীন। আজকের এ প্রবীণেরা অভিজ্ঞতায় সমৃদ্ধ। দেশ ও জাতির কল্যাণে তাদের যে কার্যক্রম ছিল সেগুলো ছিল সম্মানের।
প্রবীণদের উদ্দেশে মন্ত্রী বলেন, অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে আপনারা যে ভূমিকা রেখেছিলেন, দেশ ও জাতি আপনাদের কথা স্মরণ রাখবে। প্রবীণদের কার্যক্রমের ধারা অটুট রাখার জন্য নবীনদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রবীণদের অভিজ্ঞতাসমৃদ্ধ যে কার্যক্রম দেশে সূচিত হয়েছে তা বাস্তবায়নে নবীনদের এগিয়ে আসতে হবে।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর পরে যেসব সরকার দেশ পরিচালনায় এসেছিল তারা কোনদিনও প্রবীণদের কথা চিন্তা করেনি। প্রবীণদের জন্য বিগত দিনের সরকারেরা কোনো কার্যক্রম চালু করতে সক্ষম হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে প্রবীণদের জন্য সফলভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। তার সুফল প্রবীণেরা ভোগ করছেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, এবছর দিবসটির প্রতিপাদ্য হিসেবে ডিজিটাল সমতার বিষয়টি নির্ধারণ করা হয়েছে। প্রবীণদের সমতার বিষয়টি সাধারণভাবে স্বীকৃত হতে হবে, তাহলেই ডিজিটাল সমতা নিশ্চিত করা যাবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
আলোচনা সভায় জানানো হয়, প্রবীণদের কল্যাণে শিগগিরই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় জাতীয় প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হবে। এছাড়া প্রবীণদের জন্য দেশের ৮ বিভাগে ৮টি সরকারি শিশু পরিবারে ২৫ আসনবিশিষ্ট শান্তি নিবাস স্থাপনের কাজ চলমান রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন