
লেখক ও প্রাবন্ধিক ফরহাদ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।
সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেন বাংলা একাডেমির পরিচালক আমিনুর রহমান সুলতান।
ক্যানসারে আক্রান্ত ছিলেন বাংলা একাডেমির সাবেক পরিচালক ফরহাদ খান। কয়েক দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফরহাদ খানের জন্ম ২৩ ডিসেম্বর ১৯৪৪। পৈতৃক নিবাস কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামে। ১৯৭০ সালে কুষ্টিয়ার কুমারখালী কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু করেন। ১৯৭৩ সালে বাংলা একাডেমিতে যোগ দিয়ে ২০০২ সালে বাংলা একাডেমির ভাষা-সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগের পরিচালকের পদ থেকে অবসর নেন।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে প্রতীচ্য পুরাণ, শব্দের চালচিত্র, বাংলা শব্দের উৎস অভিধান, চিত্র ও বিচিত্র, হারিয়ে যাওয়া হরফের কাহিনী, বাঙালির বিবিধ বিলাস, নীল বিদ্রোহ (যৌথ অনুবাদ), ব্যারন মুনশাউজেনের রোমাঞ্চকর অভিযান এবং গল্প শুধু গল্প নয় (শিশুতোষ গল্প)।
প্রবন্ধ সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০১৯’ দিয়েছেন বাংলা একাডেমি।
বেতার-টেলিভিশনেও কাজ করেছেন ফরহাদ খান। তিনি ১৯৬৫ থেকে ১৯৭০ পর্যন্ত বেতারে সংবাদ অনুবাদ ও পাঠ করেছেন। ১৯৮৬ পর্যন্ত ঢাকা বেতারের ‘উত্তরণ’ ও ‘সংবাদ বিচিত্রা’র সঙ্গেও যুক্ত ছিলেন।
বাংলাদেশ টেলিভিশনে তিনি মাতৃভাষা নিয়ে ‘মোদের গরব মোদের আশা’, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ‘আবহমান বাংলা’ এবং ‘মাতৃভাষা’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।
১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ডেপুটেশনে ডয়েচে ভেলে রেডিওর বাংলা বিভাগের সম্পাদক হিসেবে কর্মরত ছিলে
ভিন্নবার্তা ডটকম/এসএস