
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি দাখিল মাদ্রাসা রয়েছে। এর মধ্যে বর্তমানে মাধ্যমিকে ছাত্রী রয়েছে ৭ হাজার ৭৪৪জন ও মাদ্রাসায় ছাত্রী রয়েছে ২ হাজার ৪৬৩ জন। কিন্তু বৈশ্বিক মহামারী করোনার সময় মাধ্যমিক পর্যায়ে ৪২৪ জন ও মাদ্রাসার ২০৯জন ছাত্রী বিয়ের পিঁড়িতে বসেছে।
শিক্ষক ও অভিভাবক সূত্রে জানা যায়, করোনার কারণে দীর্ঘদিন স্কুল-মাদ্রাসা বন্ধ থাকায় উপজেলায় ৬৩৩জন ছাত্রী বিয়ের পিঁড়িতে বসেছে। এর মধ্যে ৪ জন ছাত্র বাল্যবিয়ের শিকার হয়েছে।
মেহেদী হাসান নামে এক ছাত্রের পিতা জানান, করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ছেলে পড়ার টেবিলে বসতো না, বাধ্য হয়ে সে ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতে পড়ে। পরবর্তীতে ছেলেকে বিয়ে করাই।
যমুনার চরাঞ্চলের এক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর পিতা আসাবালী তালুকদার জানান, আমরা চইরা মানুষ, আমার মাইয়া হাইস্কুলে এইটে পড়ে (অষ্টম শ্রেণি) করোনার কারণে মেলা দিন স্কুল বন্ধ আছাল, মাইয়ার বিয়া আইছাল, পোলা পছন্দ অইছাল, তাই বিয়া দিয়া দিছি।
রুহুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা খাতুন জানান, আমার স্কুলের ছাত্রীর সংখ্যা ১৫৪জন। এর মধ্যে আমি যতটুকু জেনেছি ৩৫ জন মেয়ের বিয়ে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক জানান, আমার স্কুলের ২-৩ জন ছাত্রী মা হতে চলেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম মোবাইল ফোনে জানান, আমি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছি।
ভিন্নবার্তা ডটকম/এন