
চট্টগ্রামের সন্দ্বীপে যুবলীগ নেতা মনিরুল আলম হত্যা মামলায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাকসুদুর রহমানসহ ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত এ রায় দেন।
নিহত মনিরুল মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সায়ের বাড়ির শামসুল হকের ছেলে। তিনি মগধরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের বড় ভাই মগধরা ইউপি সদস্য রবিউল আলম সমীর বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদ্বীপ উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান প্রকাশ শাহিন চেয়ারম্যান, জামাল, আবদুর রহমান প্রকাশ রহমান হুজুর, আহসান উলল্গাহ, আবদুর রহমান, আলতাফ হোসেন, মেহরাজ, মান্নান, আশরাফ, ফারুক ও ফুল মিয়া। আসামিদের মধ্যে আবদুর রহমান ও আশরাফ ছাড়া বাকি সবাই কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আইয়ুব খান বলেন, মনিরুল আলম হত্যা মামলার ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা না দিলে আরও এক বছর জেলে থাকতে হবে তাদের। মামলাটি ২০১৮ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। সাক্ষ্যগ্রহণ এবং আসামি ও বাদী পক্ষের শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
মামলার নথি থেকে জানা যায়, স্থানীয় বিরোধের জের ধরে ২০১৫ সালের ৩১ জুলাই সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের জেলে পাড়ার জামশেদ সারেং এর চা দোকানের সামনে যুবলীগ নেতা মনিরুল আলমকে গুলি করে ও কুপিয়ে করে হত্যা করা হয়। তৎকালীন ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমানের নেতৃত্বে মনিরুলকে হত্যা করা হয় বলে পরে মামলার এজাহারে অভিযোগ করা হয়। এ মামলায় মোট ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য শেষে আদালত ১১ জনকে দোষী সাব্যস্ত করে রায় দেন।
ভিন্নবার্তা ডটকম/এন