
দুই নারী বাসযাত্রীকে জিম্মি ও অর্থ কেড়ে নেওয়ার অভিযোগে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল ফাঁড়ির সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) নাসির উদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজাসহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক আদেশে তাদেরকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।
সাময়িক বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল শঙ্কর, শাহ আলম, সারওয়ার ও রিপন।
জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ জনগণের বন্ধু। তবে কেউ অপরাধ করলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে পুলিশ বাহিনী বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আরএমপি কমিশনার অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।
এদিকে পুলিশের সূত্রগুলো জানাচ্ছে, নারায়ণগঞ্জ এবং কুমিল্লা থেকে দুইজন নারী বৃহস্পতিবার সকালে বাসে করে রাজশাহীতে তাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। তারা শিরোইল বাসস্ট্যান্ডে নামার পরপরই পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসিরসহ বাকি সদস্যরা তাদেরকে আটক করে। এরপর ওই দুই নারীকে ইয়াবাসহ গ্রেফতার দেখানোর হুমকি দেন ওই পুলিশ সদস্যরা।
এ সময় তারা ভুক্তভোগীদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে ওই দুই নারী তাদের পরিবারকে বিষয়টি জানান। এরপর পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে এক লাখ টাকা দেন। এছাড়াও তাদের কাছ থেকে কিছু নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।
এই ঘটনার পর ওই দুই নারীর পরিবারের পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরে পুলিশ হেডকোয়ার্টার থেকে রাজশাহীর পুলিশ কমিশনারকে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপরই ফাঁড়ির এটিএসআই নাসিরসহ ছয় পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত হন।
তবে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওই দুই নারীর পক্ষে একটি অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাইয়ে এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ