
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। অভিযুক্ত ধর্ষকের পক্ষ নিয়ে শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মো: মসিউর রহমান (মামুন) ও ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান (জিঠু) মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা বুধবার (১৫ সেপ্টেম্বর) বাদী হয়ে সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এরপর থেকেই আসামি পক্ষের লোকজন অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছেন বাদী ও তার পরিবারকে।
এ বিষয়ে ওই স্কুলশিক্ষিকা গণমাধ্যমকে বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সকাল-বিকাল অত্যাচার করছে। আমি স্কুলে যাওয়ার পথে তিনি (ভাইস চেয়ারম্যান) অনেক ধরনের কথা বলেছেন। মামলা তুলে না নিলে আমাকে মাদক মামলাও দিয়ে দিতে পারবেন জিঠু।
তিনি বলেন, উপজেলার ভাইস চেয়ারম্যান জিঠু আমার মোবাইলে কল দিয়ে সঞ্জয়কে ধরিয়ে দেয়। তখন সঞ্জয় বলে- সে বিবাহিতা, মামলা তুলে না নিলে আমার বোন ও মা’কে মাদক মামলা দিয়ে দেবে।
স্কুলশিক্ষিকা বলেন, আমি ধর্ষণ মামলা দিয়েছি সেখানে জিঠুর সমস্যা কোথায়? জিঠু তো আমাদের এলাকার ভাইস চেয়ারম্যান তিনি কেন আমাকে হুমকি দিচ্ছে? সে কেন আমাকে মামলার মিমাংসার কথা বলছেন? আমার মাকেও লোক দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে। ঘটনা মিমাংসা না করলে প্রাণনাশের হুমকি দিয়েছে।
স্কুলশিক্ষিকা আরও বলেন, শ্রীনগর উপজেলার চেয়ারম্যান মো: মসিউর রহমান (মামুন) প্রথমে আমার স্কুলে এসে আমাকে হুমকি দেন- আমি যেন এই এলাকায় না থাকি। তিনি আবার দুপুর ১২টায় আসবেন। এর আগেই আমি স্কুল থেকে বের হয়ে যাই।
শ্রীনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুজনই মামলা মিমাংসা করার জন্য নিয়মিত চাপ দিচ্ছেন বলে জানান ওই স্কুলশিক্ষিকা।
ধর্ষণ মামলা তুলে নেয়ার জন্য স্কুলশিক্ষিকাকে চাপ দেয়ার বিষয়টি অস্বীকার করে শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মো: মসিউর রহমান (মামুন) গণমাধ্যমকে বলেন, উপসচিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে বিষয়টি জানি। তবে ওই স্কুলশিক্ষিকার সঙ্গে আমার কোনো কথা হয়নি।
অন্যদিকে শ্রীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমানের (জিঠু) মোবাইল ফোনে গণমাধ্যমের পক্ষ থেকে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ১২ ডিসেম্বর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে উপসচিব ড. সনজয় চক্রবর্তীর পরিচয়। পরিচয়ের পর সনজয় চক্রবর্তী তার সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে নিয়মিত যোগাযোগ করতে থাকেন। একপর্যায়ে সনজয় চক্রবর্তী তার মুঠোফোনেও যোগাযোগ করতে থাকেন। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে সনজয় চক্রবর্তী তাকে প্রেমের প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১৯ এপ্রিল সনজয় চক্রবর্তী তাকে লঞ্চে চাঁদপুর ভ্রমণের প্রস্তাব দিলে তিনি রাজি হন। ওই দিন লঞ্চের কেবিনে সনজয় চক্রবর্তী তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইলে প্রথমে তিনি অসম্মতি জানান। একপর্যায়ে সনজয় চক্রবর্তী তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি শারীরিক সম্পর্কে রাজি হন।
পরবর্তীতে ওই স্কুলশিক্ষিকা সনজয় চক্রবর্তীকে বিয়ে করতে অনুরোধ জানালে, তিনি ‘বেশি বাড়াবাড়ি করলে দেখে নেওয়ার’ হুমকি দেন। এ ঘটনার সূত্র ধরে ২০২০ সালের ২৩ ডিসেম্বর সংশ্লিষ্ট এলাকার শিক্ষা কর্মকর্তা তাকে অফিসে ডেকে আসামি সনজয় চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেন এবং যোগাযোগ করলে স্কুল থেকে চাকরিচ্যুত করার হুমকি দেন।
এ ঘটনায় ওই স্কুলশিক্ষিকা সুষ্ঠু সমাধানের জন্য এ বছরের ৮ জুন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিস পাঠান। লিগ্যাল নোটিসের কোনো জবাব না দিয়ে আসামি সনজয় চক্রবর্তী তাকে পুনরায় হুমকি দেন।
প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন স্কুল শিক্ষিকা। ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ঘটনা তদন্ত করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস