
তীব্র স্রোতে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। অপরদিকে অপর নৌরুট বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ওই রুটে চলাচলকারী যানবাহনগুলোও নদী পারাপারের জন্য দৌলতদিয়ায় আসছে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাট অভিমুখে আটকে পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের সারি ছোট রাখতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো আটকে রাখা হচ্ছে দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায়। সেখানেও পণ্যবাহী ট্রাকের অন্তত ৪-৫ কিলোমিটার দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ২-৩ দিন আগে এসেও অনেক ট্রাককে অপেক্ষা করতে হচ্ছে। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য অবৈধ সুবিধা নিয়ে পেছনের অনেক ট্রাককে আগে পারাপারের সুযোগ করে দিচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সারি পণ্যবাহী গাড়ির। ফেরিঘাটের কাছাকাছি কিছু যাত্রীবাহী বাসকেও অপেক্ষা করতে দেখা যায়।
যশোর থেকে ঢাকাগামী মালবাহী ট্রাকচালক শাহিন মিয়া জানান, তিনি দু’দিন গোয়ালন্দ মোড় এলাকায় আটকে থেকে বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়ায় এসে সিরিয়ালে আটকে পড়েছেন। কবে ফেরির নাগাল পাবেন তা বলতে পারছেন না। তিনি অভিযোগ করেন, গোয়ালন্দ মোড়ে সারিতে থাকা অবস্থায় ডান পাশ দিয়ে আগে বের হতে চাইলে ট্রাফিক পুলিশ এক হাজার টাকা করে নেয়। দৌলতদিয়া ঘাটে এসেও সারি ভেঙে কেউ আগে ঘাটে যেতে চাইলে এক হাজার টাকা দিতে হয়।
খুলনা থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান চালক মোয়াজ্জেম হোসেন জানান, গত মঙ্গলবার তিনি কাভার্ডভ্যান নিয়ে গোয়ালন্দ মোড়ে পৌঁছান। দালালের মাধ্যমে দেড় হাজার টাকা দিয়ে তিনি বুধবার রাতে ঘাটে আসতে পেরেছেন। এখানেও প্রায় ২০ ঘণ্টা ধরে আটকে আছেন। সড়কে আটকে থাকা অবস্থায় থাকা-খাওয়া ও শৌচাগারের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে।
টাকা নিয়ে পণ্যবাহী গাড়ি আগে পারাপারের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক পুলিশের পরিদর্শক তারক পাল দাবি করেন- এ ধরনের অভিযোগের সত্যতা নেই। এদিকে ঘাটে বিআইডব্লিউটিসির টিকিট কাউন্টারেও পণ্যবাহী গাড়ি থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। বিশেষ করে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি পারাপার বন্ধের কারণে দৌলতদিয়ায় গাড়ির চাপ বাড়ার পর অবৈধ এই লেনদেন বেড়ে গেছে। ঘাটে এসে এক-দুই দিন আটকা পড়া এড়িয়ে দ্রুত পারাপারের জন্য টাকা দিতে বাধ্য হচ্ছেন পরিবহন কর্মীরা।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, কাউন্টার থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত গাড়ির চাপ রয়েছে। সেসব এলাকায় কে কী করল, তা তাদের দেখার বিষয় নয়। তবে কাউন্টারে কেউ বাড়তি টাকা নিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শিমুলিয়া-বাংলাবাজার হয়ে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ পণ্যবাহী গাড়ি পার হতো। এসব গাড়ি এখন দৌলতদিয়ায় চলে আসছে। ফলে এই ঘাটে গাড়ির চাপ কমানো যাচ্ছে না। শিমুলিয়া-বাংলাবাজার চালু না হলে দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হবে না।
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ভরা বর্ষা মৌসুমে নাব্য সংকটের কারণে প্রায় তিন সপ্তাহ ধরে বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিট ড্রেজিং করা শুরু করেছেন। আরিচা বিআইডব্লিউটিএর অফিস সূত্রে জানা গেছে, এ নৌ-রুটে বড় ফেরি স্বাভাবিকভাবে চলাচল করতে ৯ থেকে ১০ ফুট পানির প্রয়োজন। ভরা বর্ষা মৌসুমে উজান থেকে পলি এসে ফেরি চলাচলের চ্যানেল ভরে যাওয়ায় এখন এ নৌ-রুটের চ্যানেলে পানি কম থাকায় ড্রেজিং শুরু করা হয়েছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমন জানান, পাটুরিয়ায় ১ ও ২ নম্বর ফেরিঘাট এলাকায় নাব্য সংকটের কারণে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। এ কারণে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ড্রেজিং করছেন ফেরি চলাচল সচল রাখার জন্য। আরিচা ড্রেজিং ইউনিটির উপসহকারী প্রকৌশলী মাসুদুর রহমান জানান, গত ১২ আগস্ট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল সচল রাখতে পাটুরিয়ার ১ ও ২ নম্বর ফেরিঘাটের বেসিনে ড্রেজিং শুরু করা হয়েছে। তবে এ নৌ-রুটে এখনও তেমন কোনো সমস্যা দেখা দেয়নি। তবে তারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের ঘাট এলাকায় বৃহস্পতিবার প্রায় ৮০০ ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। এ নৌ-রুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে ৩টি বিকল রয়েছে। এ ছাড়া নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে। এ কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় যানজট দেখা দেওয়ায় বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোচ পারাপার করায় পণ্যবাহী ট্রাকচালকদের দুই-তিন দিন করে ঘাটেই পড়ে থাকছে।
বিআইডব্লিউটিসির আরিচা অফিসের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান জানান, এ নৌ-রুটে চলাচলরত ৭টি বড় রো-রো ফেরি দীর্ঘ দিনের পুরোনো। এ ফেরিগুলো ফুল লোড নিয়ে নদীর স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ঘাটে আসতে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগছে। এ কারণে ফেরির ট্রিপ সংখ্যা অর্ধেকের বেশি কমে গেছে। এ কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন