
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভেঙে দোকান নির্মাণ করে নামমাত্র মূল্যে ভাড়া দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত প্রায় শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভেঙে দোকান ও গোডাউন নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। চলমান করোনা মহামারির প্রকোপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
বিদ্যালয়ের একাডেমিক ভবনের দক্ষিণ পশ্চিম পাশে দুটি শ্রেণিকক্ষ ভেঙে একত্রিত করে ১ হাজার দুইশ বর্গফুট গোডাউন মাত্র ৬ লাখ টাকা অগ্রিম নিয়ে ২৫ হাজার টাকা মাসিক চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। নাসির উদ্দিন নামে একজন ব্যবসায়ী ওই গোডাউনটি ভাড়া নিয়েছেন। আরেড়কটি দোকান বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য রাকিব হাসান হিটলারের চাচা কামরুল ইসলামের কাছে নামমাত্র মূল্যে ভাড়া প্রদান করা হয়েছে।
প্রায় আড়াইশ বর্গফুটের দোকানটি ২৫ হাজার টাকা অগ্রি ম ও ৩ হাজার টাকা মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। ৩ শত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তিন বছরের জন্য ওই চুক্তিপত্র সম্পাদন করা হয়েছে। ওই চুক্তিপত্রে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যেরা সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন। এ সংক্রান্ত নথিপত্র যুগান্তরের কাছে সংরক্ষিত রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, স্কুলের প্রদান ফটক সংলগ্ন দোকানটিতে ঝালাইসহ লোহার ব্যরবসা পরিচালিত হচ্ছে। অন্য পাশের গোডাউন হিসেবে ভাড়া দেয়া শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত টুল টেবিলগুলো বের করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। ওই কক্ষগুলোতে কাগজের ব্যবসা পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি কাগজের মার্কেট রয়েছে।
ওই মার্কেটের একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা নাম প্রকাশ না করার শর্তে আলাপের এক পর্যায়ে বলেন, একজন ব্যরবসায়ী কিছুদিন পূর্বে ৭০ বর্গফুটের একটি দোকান ২৫ লাখ টাকা অগ্রিম দিয়ে প্রতি মাসে ৫৫ হাজার টাকা ভাড়া নেন। ওই দোকানটি মার্কেটের ভেতরে হওয়ায় ভাড়া একটু কম। সড়কের পাশে এমন একটি দোকান ভাড়া নিতে ন্যূনতম ৩৫ লাখ টাকা অগ্রি ম ও ৭০ হাজার টাকা ভাড়া গুনতে হবে বলে জানান তিনি।
ওই ব্যবসায়ীরা বলেন, স্কুলের কক্ষগুলো পানির দরে ওই ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয়া হয়েছে। ১ হাজার দুইশ বর্গফুটের ওই গোডাউনটি ন্যূনতম ১ কোটি টাকা অগ্রিম ও ৩ লাখ টাকা মাসিক ভাড়ায় বাজার মূল্য রয়েছে বলে জানান তারা।
স্থানীয় একটি সূত্র বলছে, বর্তমান স্কুল পরিচালনা পর্ষদ মোটা অংকের অনৈতিক সুবিধা নিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভেঙে দোকান ও গোডাউন বানিয়ে ভাড়া দিয়েছে। তাছাড়া নামমাত্র ভাড়ায় দোকান ঘর ভাড়া দেয়ার যৌক্তিকতা নেই বলে জানান তারা।
তাদের দাবি, দোকান ঘর বানাতে বর্তমান অ্যাডহক কমিটির আহ্বায়ক আহসানুল হক ওরফে প্রিন্স রবিন স্থানীয় সংসদ সদস্যের মদদপুষ্ট হওয়ায় তিনি যা ইচ্ছা তাই করছেন। তিনি বিদ্যাসলয় পরিচালনাকালীন সময়ে আশঙ্কাজনক হারে শিক্ষার্থী সংখ্যা হ্রাস পেয়েছে। ওই স্কুলটি বাণিজ্যিক এলাকায় হওয়ায় পরিচালনা পর্ষদের আহবায়ক ও বর্তমান প্রধান শিক্ষক মিলে এর আগে্ও একাধিকবার শ্রেণিকক্ষ ভেঙে দোকান ঘর বানাতে তৎপরতা চালান।
কিন্তু সাবেক প্রধান শিক্ষক আল আমীন, শিক্ষার্থী ও অভিভাবকদের বিরোধিতায় সে যাত্রায় শ্রেণিকক্ষগুলো বেঁচে গেলেও চলমান কঠোর লকডাউনেপর ভেতর স্কুল বন্ধ থাকার সুবাদে এবার তিনি সফল হন। ওই স্কুলের ৪ তলাবিশিষ্ট প্রধান ভবনের নিচতলায় যেসব কক্ষে দোকান ঘর নির্মাণ করা হয়েছে ওই কক্ষগুলোতে এতদিন সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হতো। শ্রেণিকক্ষ ভেঙে এভাবে দোকান ও গোডাউন ঘর নির্মাণ করায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সুলতান নুরী ও অ্যাডহক কমিটির আহ্বায়ক আহসানুল করীম ওরফে প্রিন্স রবিন অভিতন্ন বক্তব্য উপস্থাপন করে গণমাধ্যমকে বলেন, ওই কক্ষগুলো দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। করোনা চলাকালীন বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের লক্ষে ওই কক্ষগুলো ভাড়া প্রদান করা হয়েছে। তবে বাজারমূল্য থেকে এত কম ভাড়া দেওয়ার বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে প্রতিবেদককে ম্যানেজের চেষ্টাও চালান তারা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) মো. বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারি সম্পত্তি। কেবল টিউশন ফি থেকে খণ্ডকালীন শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া যাবে। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে বিদ্যালয়ের ভেতর কোনো মার্কেট কিংবা দোকান বানানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এ সংক্রান্ত অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/এন