
নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে সৈয়দ আলী (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। রোববার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত সৈয়দ আলী উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের আজিজার শেখের ছেলে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে।
পুলিশ জানায়, সৈয়দ আলী পার্শ্ববর্তী লাহুড়িয়া ইউনিয়নের কামার গ্রামের নাসির শেখের জমিতে কাজ করেন। মজুরি বাবদ নাসিরের কাছে এক হাজার টাকা পাওনা থাকেন। গত শনিবার রাতে সৈয়দ আলী নাসির শেখের বাড়িতে তার পাওনা টাকা চাইতে যান। এ সময় নাসির সৈয়দ আলীকে তার পাওনা টাকা দিতে না চাওয়ায় উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে নাসির ও তার ছেলে মামুন শেখ, ইমন শেখ, নাজমুল শেখ ও প্রতিবেশী শফিকুল শেখ ধারালো অস্ত্র ও লাঠিসোটা, হাতুড়ি দিয়ে সৈয়দ আলীর শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ৮টার দিকে সৈয়দ আলী মারা যান।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকায় নাসির শেখ ও তার ছেলে নাজমুল শেখকে আটক করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই