
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বুধবার ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের বিভিন্ন থানায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর নেতৃত্বে প্রথমে মৌচাক এলাকায় মিছিলের প্রস্তুতিকালে পুলিশ বাধা দেয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তারা মালিবাগ বিশ্বরোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ সেখানেও বাধা দেয়। পরে তারা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এ দিকে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুস মৃধা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারুকুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল খিলগাঁও থানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামপুর থানা বিএনপির সভাপতি আ ন ম সাইফুল ইসলামের নেতৃত্বে রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, চকবাজার থানা বিএনপির সভাপতি আনোয়ার পারভেজ বাদল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চকবাজার থানা বিএনপির সহ-সভাপতি হাজী হুমায়ন কবিরের নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সূত্রাপর থানা বিএনপির সদস্য সচিব, আজিজুল ইসলামের নেতৃত্বে পুরাতন ঢাকার রায় সাহেব বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কদমতলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদল রানার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও শাহবাগ থানা বিএনপির নেতা এম এ হান্নান, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জাহিদ হোসেন নোয়াব ও আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শাহবাগ থানার ২০ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে অপর একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অমর ২১শে হলের সামনে থেকে শুরু হয়ে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের গেটের সামনে এসে শেষ হয়।
নিউমার্কেট থানা বিএনপির সাধারণ সম্পাদক, হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই থানার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপিও আরেকটি মিছিল বের করে।
কামরাঙ্গীচর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আওলাদ হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ডেমরা থানা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন রতন ও সাধারণ সম্পাদক আবুল হাশেমের নেতৃত্বে একটি ও সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে অপর একটি মিছিল থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ ছাড়াও মতিঝিল থানা বিএনপি, মুগদা থানা বিএনপি, কোতোয়ালী থানা বিএনপি ও বংশাল থানা বিএনপি নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানায় অনুষ্ঠিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদেরকে দিয়ে বিএনপি-কে দমন করতে বেপরোয়া হয়ে উঠেছে। বিক্ষোভ পূর্ব এক সমাবেশে তিনি বলেন, মঙ্গলবার শহীদ জিয়ার মাজারে পুলিশের ন্যাক্কারজনক হামলা পর বুধবারের হামলা- সেটিরই সুস্পষ্ট বহিঃপ্রকাশ।
জাতীয়তাবাদী শক্তি জনগণকে সাথে নিয়ে সরকারের ভয়াবহ দুঃশাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ভিন্নবার্তা/এমএসআই