
মার্কিন যুক্তরাষ্ট্রের নন-রেসিডেন্ট বাংলাদেশিদের (এনআরবি) বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার (১৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের সিলকন ভ্যালিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘বাংলাদেশ দি নেক্সট ইনভেস্টমেন্ট ফ্রন্টিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন আকর্ষণীয় স্থান। বিনিয়োগের জন্য সব ধরনের পরিবেশ এখন বাংলাদেশে বিদ্যমান। বিশ্বের বিনিয়োগকারীদের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একশটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে অনেকগুলোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। বেশ কিছু স্পেশাল ইকোনমিক জোনে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে এসেছেন। যুক্তরাষ্ট্রের নন-রেসিডেন্ট বাংলাদেশিরা (এনআরবি) বিনিয়োগ করলে তারা লাভবান হবেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার বেশ কিছু আকর্ষণীয় সুযোগ-সুবিধার প্যাকেজ ঘোষণা করেছে। বিনিয়োগের ক্ষেত্রে সব আনুষ্ঠানিকতা ওয়ান আমব্রেলা বা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় দ্রুত ও কম খরচে সম্পন্ন করা হচ্ছে। এখন বিনিয়োগের ক্ষেত্রে আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত ও সহজ করা হয়েছে। বোর্ড অব ইনভেস্টমেন্ট বিনিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে সমন্বয় সাধন করছে। এর ফলে বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেড়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিরা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এনআরবিরা দায়িত্বশীল ভূমিকা রেখে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন করে গেছেন। আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বিশ্ববাসী এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছেন। বাংলাদেশে অনেক মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ নিজ খরচে পদ্মা সেতু নির্মাণ করছে। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। যুক্তরাষ্ট্রের এনআরবিদের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখার সুযোগ এসেছে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর কেভিন ই. গেলি, সেরফিয়া হালিম, প্রফেসর ডোরিয়ান লিপম্যান, বায়োস্কোপ ফিল্মস’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও টিনা জেবিন।
এ সময় উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস্থ কনসাল জেনারেল তারেক মোহাম্মদ, বাণিজ্যমন্ত্রীর সফরসঙ্গী বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, যুগ্ম-সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সোহেলী সাবরীন, বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শমি কায়সার, লস এঞ্জেলস্থ বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর এস এম খোরশিদ-উল-আলম এবং যুক্তরাষ্ট্রের টেকনোলজি সেক্টরের ব্যবসায়িক নেতা ও নন-রেসিডেন্ট বাংলাদেশিরা (এনআরবি)।
ভিন্নবার্তা ডটকম/এন