
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সরকারের উদ্দেশ্য বলেছেন, করোনাভাইরাসের ভয়াবহতা রোধে আমলাদের রাস্তায় নামান। তাদের সচেতনতার কাজে ব্যবহার করুন। তাদের বসিয়ে বসিয়ে আর কতদিন খাওয়াবেন?
বুধবার রাজধানীর কাওরানবাজারের পেট্রোবাংলা ভবনের সামনে গণসচেতনতা ও মাস্ক বিতরণকালে তিনি এসব কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে নাগরিক সমাজের উদ্যোগে ‘করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে জনগণের চলাচল সচেতন করা ও মাস্ক বিতরণ’ কর্মসূচি পালন করা হয়।
গণটিকা কার্যক্রমে বিশৃঙ্খলার কথা তুলে ধরে জাফরুল্লাহ চৌধুরী বলেন, এভাবে করোনার বিস্তার আরও বাড়ছে। স্কুল-কলেজ খোলার আহবান জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে শিক্ষার্থীরাও মানুষকে সচেতন করতে পারতো। আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা দেশের ৫০ শতাংশ মানুষের মাস্ক না পরা। যারা পরে, তারা মুখে লাগায় না। গলায় ঝুলিয়ে রাখে।
এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, করোনার ভ্যাকসিনের প্রকৃত মজুদ কত- সেটা নিয়ে সরকার পরিষ্কার তথ্য দিচ্ছে না। প্রচার করলেও সত্য তথ্য তারা গোপন করছে। তাই অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন সংগ্রহের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেএসডির কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, ঢাকা মহানগর সভাপতি আবু সাঈদ, ঢাকা মহানগর গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মনির উদ্দিন পাপ্পু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর নেতা আলী আকবর খান, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খান, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুর প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন