
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় (সেজান জুস) অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যাওয়া ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া মরদেহগুলো বুধবার (৪ আগস্ট) থেকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
আগুনে পোড়া মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে। সবগুলো মরদেহ প্রায় আগুনে পুড়ে অঙ্গার ও কয়লার মতো হওয়ায় কারও চেহারা বোঝা যায়নি। পরে পরিচয় শনাক্তে নিহতদের পরিবারের লোকজনদের কাছ থেকে ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়।
নারায়ণগঞ্জ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, রূপগঞ্জের আগুনে মারা যাওয়া ৪৫ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এদের মধ্যে ৩০ জন নারী ও ১৫ জন পুরুষ। ৩টি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ তিনটির পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।
তিনি বলেন, প্রথম দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হবে। পরের দুদিন ধারাবাহিকভাবে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে থাকা মরদেহ হস্তান্তর করা হবে।
গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জের হাসেম ফুড লিমিটেডের ৬ তলা কারখানা ভবনে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ শ্রমিক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৮ টি ইউনিট টানা প্রায় ৪৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।
ভিন্নবার্তা/এমএসআই