
নেত্রকোনার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমরান হাসান বাবু (২২) নামে এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারের অটো স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। এ সময় আরো একজন অটোরিক্সা চালক আহত হন।
নিহত আটোরিক্সা চালক উপজেলার সাহিতপুর বাজার এলাকার চেংজানা গ্রামের শামীম মিয়ার ছেলে ইমরান (২২)। আহত এখলাছ (২৫) একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
এ ঘটনার সাথে জড়িত সুমন মিয়া (২৩) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক সুমন উপজেলার আটিগ্রামের রুকন মিয়া ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান,আটিগ্রাম ও চেংজানা একই ইউনিয়নের পাশাপাশি গ্রাম।
বৃহস্পতিবার দুপুরের পর চেংজানা গ্রামের বাবু’র সাথে আটিগ্রামের সুমনের সাহিতপুর বাজারে অটো স্ট্যান্ডে তাদের মধ্যে তর্ক হয়। এরই জেরে ঘন্টাখানেক পরে বাবুর ওপর চড়াও হন তারা। ঘটনা দেখে চেংজানা গ্রামের এখলাছ মিয়া এগিয়ে যান বাবুকে বাঁচাতে। এ সময় ছুরিকাঘাতে বাবু ও এখলাছ দুইজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পরপরই সুমন মারা যান। সুমনের লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওসি আরো জানান,ঘটনার পরপরই চেংজানা গ্রামবাসির মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত গ্রামবাসি আটিগ্রামে হামলা চালাতে না পারে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন খন্দকার ছুটে গিয়ে এলকাবাসীকে শান্ত করেন। পুলিশও সেখানে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
ভিন্ননবার্তা/এমএসআই