
জয়পুরহাট সদর উপজেলার দাদড়া জন্তিগ্রাম এলাকায় পিকআপভ্যান ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে আহম্মেদ আলী (৫০) ও মাহবুব রহমান (৩৫) নামে দুই চালক নিহত হয়েছেন।
সোমবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
তবে আহতরা চিকিৎসাধীন অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে দুপুর আড়াইটার দিকে মাহবুব রহমান ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টায় আহম্মেদ আলী মারা যান।
নিহতরা হলেন-জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পশ্চিম হাস্তা বসন্তপুর মহল্লার মৃত ইসমাইল হোসেনের ছেলে ভটভটি চালক আহম্মেদ আলী ও নওগাঁর বদলগাছী উপজেলার বেলকুড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে পিকআপভ্যান চালক মাহবুব রহমান (৩৫)।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, দুপুরে আক্কেলপুরগামী একটি ভটভটি হঠাৎ করে দাদরা জন্তিগ্রাম এলাকায় আঞ্চলিক মহাসড়কে থেমে যায়। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালক গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে দুপুর আড়াইটার দিকে পিকআপভ্যান চালক মাহবুব রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অপরদিকে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভটভটি চালক আহম্মেদ আলীকে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ