
দেশের অন্যতম সমুদ্র বন্দর মোংলা নতুন রেকর্ড গড়েছে। বিদায়ী অর্থবছরে (২০২০-২১) সর্বোচ্চ ৯৭০টি জাহাজ আগমনের ফলে এই রেকর্ড করে বন্দরটি। এ সময়ে মোংলা বন্দরে রেকর্ড পরিমাণ পণ্য হ্যান্ডলিংও (ওঠানামা) হয়েছে।
বিদায়ী অর্থবছরে ১১৯ দশমিক ৪৫ শতাংশ পণ্য খালাস করে বন্দরটি নিট মুনাফা আয় করে ১৩০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ কোটি টাকা বেশি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা রোববার (৪ জুলাই) বন্দরের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, ২০২০-২১ অর্থবছরে বন্দরে আগত ৯৭০টি জাহাজ থেকে ১১৯ দশমিক ৪৫ শতাংশ পণ্য খালাস হয়। এছাড়া ৪৩ হাজার ৯৫৯ টিইইউজ (এক লাখ টোয়েন্টি ইক্যুইভেলেন্ট ইউনিটস) কন্টেইনার হ্যান্ডলিং হয় এবং ১৪ হাজার ৪৭৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়।
করোনাকালেও নয়টি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে জানিয়ে এদিন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বন্দর উন্নয়নে মাস্টার প্লান তৈরির কাজ চলছে এবং এটি বাস্তবায়ন হলে মোংলা বন্দর দেশের অর্থনীতি ও আমদানি-রফতানি বাণিজ্যে ব্যপক ভূমিকা রাখতে সক্ষম হবে।
একই সঙ্গে চলতি অর্থবছরে এই বন্দরে এক হাজারেরও অধিক জাহাজ আগমনসহ ৩৬০ কোটি টাকা রাজস্ব আদায়ের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন