1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
এক যুগের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি

৫১৫৬৫ কোটি টাকার রাজস্ব আয়ের মাইলফলক চট্টগ্রাম কাস্টমসের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১ ২:৪৭ am

৫১ হাজার ৫৬৫ কোটি টাকার রাজস্ব আয় করে অনন্য নজির স্থাপন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এত বিপুল রাজস্ব আয়ের রেকর্ড চট্টগ্রাম কাস্টমসের ইতিহাসে তো বটেই, জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কোনো প্রতিষ্ঠান কিংবা দেশের অন্য কোনো প্রতিষ্ঠানের নেই।

আগে থেকেই রাজস্ব আয়ে শীর্ষ প্রতিষ্ঠান ছিল চট্টগ্রাম কাস্টম হাউস। এবার ৫০ হাজার কোটি টাকার বেশি আয়ের মাইলফলক অর্জন করল প্রতিষ্ঠানটি। গত অর্থবছরের চেয়ে ৯ হাজার ৮০০ কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে প্রতিষ্ঠানটি। আর প্রবৃদ্ধি অর্জন করেছে ২৩ শতাংশের বেশি। এই প্রবৃদ্ধি গত এক যুগের মধ্যে সর্বোচ্চ।

করোনা মহামারির কঠিন সময়ে দেশের রাজস্ব আয়ের অন্য সরকারি প্রতিষ্ঠানগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন চট্টগ্রাম কাস্টমস এই অনন্য অর্জন দেখাল।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, ‘করোনা মহামারির কঠিন এবং চ্যালেঞ্জিং এই সময়ে আমরা কাস্টমসের কার্যক্রম অব্যাহত রেখে আমদানি-রপ্তানি সচল রাখতে সর্বোচ্চ সহযোগিতা দিয়েছি। একই সঙ্গে পণ্য আমদানিতে অনিয়ম বন্ধ, চোরাচালান রোধ, শুল্ক ফাঁকিতে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করায় এই সুফল পেয়েছি।’

তিনি বলেন, ‘করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে—এর প্রমাণ এই রাজস্ব আয়। একক প্রতিষ্ঠান হিসেবে ৫০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় সত্যি গৌরবের। একই সঙ্গে করোনার এই জটিল সময়ে ২৩ শতাংশের বেশি প্রবৃদ্ধিও বড় অর্জন। কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং কাস্টমস সেবাগ্রহীতাদের আন্তরিক সহযোগিতার কারণে এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে।’

জানা গেছে, রাজস্ব আয়ে এককভাবে শীর্ষে থাকা চট্টগ্রাম কাস্টম হাউসে ২০১৯-২০ অর্থবছরে মোট রাজস্ব আয় হয়েছিল ৪১ হাজার ৮৫৪ কোটি টাকা। চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আয় ৫১ হাজার ৫৬৫ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থাৎ এবার গত অর্থবছরের চেয়ে ৯ হাজার ৭১১ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে কাস্টম হাউস।

রাজস্ব দেওয়ায় চট্টগ্রাম কাস্টমসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুই হাজার ৬০০ সিঅ্যান্ডএফ এজেন্ট। আমদানিকারকের পক্ষে পণ্যছাড়, শুল্ক দেওয়াসহ যাবতীয় কাজ করে এই সিঅ্যান্ডএফ এজেন্টরা।

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু কালের কণ্ঠকে বলেন, ‘করোনা মহামারির চ্যালেঞ্জিং সময়ে ৫০ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের মাইলফলক অর্জন সত্যি বিশাল ব্যাপার। চট্টগ্রাম কাস্টমস কমিশনারের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে এটি অর্জন করা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘দেশের শুল্কস্টেশনে যদি সমান ভ্যালুতে পণ্যের শুল্কায়ন করা হতো, তাহলে রাজস্ব আয় আরো অনেক বাড়ত।’

কাস্টমস সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম কাস্টমসকে ২০২০-২১ অর্থবছরে ৬৪ হাজার ৩০৩ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দিয়েছিল। করোনা মহামারির এই সময়ে এই লক্ষ্যমাত্রা অর্জন রীতিমতো স্বপ্নবিলাস। কারণ করোনার অস্বাভাবিক এই সময়ে সরকারি সব প্রতিষ্ঠানই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে। রাজস্ব বোর্ড সেটি জানেও। তার পরও লক্ষ্যমাত্রা রাখা হয়, যাতে রাজস্ব আয়ে বাড়তি চাপ থাকে।

কাস্টমস কর্মকর্তারা বলছেন, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কাস্টমসের একার সিদ্ধান্ত নয়। কারণ প্রতিবছর বাজেটে শুল্কহারে ব্যাপক পরিবর্তন আনা হয়। ফলে রাজস্ব আয় কমে যাওয়াটা স্বাভাবিক। এ ছাড়া উচ্চ শুল্কের যে পণ্য আগে চট্টগ্রাম বন্দর দিয়ে আসত, এখন সেটি আসছে না। অন্য বন্দর দিয়ে ছাড় হচ্ছে। আর চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আয়ের প্রধান খাত ছিল জ্বালানি তেল, গাড়ি আমদানি এবং ইলেকট্রনিক। ওই তিন খাতেও আমদানি অনেক কমেছে। ফলে সেসব খাত থেকে রাজস্ব আয় কমেছে। আবার দেশে বিপুল ভোগ্যপণ্য আমদানি হলেও সেই পণ্যে শুল্কহার অত্যন্ত কম। ফলে বাড়তি লক্ষ্যমাত্রা অর্জনে চাপে থাকতে হয় কাস্টমসকে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘করোনার ধাক্কা সব খাতেই পড়েছে। আমদানি কমেছে। রপ্তানিও কমছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি করোনা মহামারির এই চ্যালেঞ্জের মধ্যে শিল্প-কারখানা খুলে দেওয়ার সাহস না দেখাতেন, তাহলে রাজস্ব আয় দূরে থাক, দেশের পুরো অর্থনীতি বিপর্যস্ত হতো। অধিক হারে মানুষ চাকরিহারা হতো, অনাহারে থাকতে হতো।’

তিনি বলেন, ‘রাজস্ব লক্ষ্যমাত্রা এমনভাবে ঠিক করা উচিত, যাতে একই ব্যক্তি বা প্রতিষ্ঠান বারবার করারোপের মধ্যে না পড়েন। করোনাসহ পারিপার্শ্বিক বিষয়ও বিবেচনায় আনা উচিত। তা না হলে অযৌক্তিক রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে শেষ পর্যন্ত আমাদেরই চাপে থাকতে হয়।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ