
ভিন্নবার্তা প্রতিবেদক: আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে দখল, দূষণ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। শনিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে রোটারী ক্লাব, সোনারগাঁও ঢাকা কর্তৃক আয়োজিত রোটারী ডিস্ট্রিক্ট কনফারেন্স-২০২১ অনুষ্ঠানে তিনি এ একথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, জন্মলগ্ন থেকেই রোটারী ইন্টারন্যাশনাল মানব সেবায় কাজ করে আসছে। বিশ্বব্যাপী পোলিও নির্মুলে এর ভূমিকা খুবই প্রশংসনীয়।
আতিকুল ইসলাম বলেন, করোনাকালে সবাই মিলে সবার ঢাকা এর মাধ্যমে ৭৬ হাজার অসহায় পরিবারের নিকট খাবার পৌছে দেয়া হয়েছে, এই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এসব খাবার প্যাকেট এবং বিতরণ করা সম্ভব হয়েছে। এজন্য তিনি “সবাই মিলে সবার ঢাকা” এবং “বিডি ক্লিন” এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইতোমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম শুরু করেছে, জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে। প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। খালগুলো উদ্ধার ও রক্ষণাবেক্ষণে রোটারীয়ানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য সকলকে নিজ নিজ অবস্থানে থেকে জনকল্যাণে কাজ করতে হবে। রোটারি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে ডিএনসিসির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, “সবাই মিলে সবার ঢাকা”র স্বপ্নদ্রষ্টা তৌফিক জাহিদুর রহমান এবং স্বেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন”কে রোটারী স্প্রিট অফ সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন