
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন ছাড়াই বাইডেন প্রশাসন যদি বাংলাদেশকে কোভিডের অ্যাস্ট্রাজেনেকা টিকা দেয় তবে তা গ্রহণ করবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল শুক্রবার সিএনএনের সাংবাদিক জন বাউসকে দেওয়া সাক্ষাত্কারে এ কথা জানান। উল্লেখ্য বাইডেন প্রশাসন তার মজুদ থেকে বিশ্বকে যে আট কোটি ডোজ টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে তার ছয় কোটি ডোজই অ্যাস্ট্রাজেনেকা টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অ্যাস্ট্রাজেনেকা টিকা জরুরি প্রয়োগের অনুমতি দিলেও যুক্তরাষ্ট্রের এফডিএ এখনো অনুমোদন দেয়নি।
এফডিএ গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের (জেনসেন) কোভিড টিকা জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের ওষুধ প্রশাসন অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদনের পর তা প্রয়োগ করছে। কিন্তু সরবরাহ না থাকায় বাংলাদেশে কয়েক লাখ লোকের দ্বিতীয় ডোজ অনিশ্চিত হয়ে পড়েছে।
সাক্ষাত্কারে জন বাউসের প্রশ্ন ছিল টিকা খোঁজার চেষ্টায় বাংলাদেশ এখন কোন পর্যায়ে আছে? জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র উন্নয়নশীল দেশগুলোকে ছয় কোটি ডোজেরও বেশি বিতরণ করবে। এটি আমাদের জন্য সুসংবাদ। আমরা ফেব্রুয়ারিতে টিকাদান কর্মসূচি শুরু করেছি। বড় সমস্যা হলো আমাদের লোকজনের বড় একটি সংখ্যা, পাঁচ লাখেরও বেশি যারা অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়েছিল তারা দ্বিতীয় ডোজ পাচ্ছে না। কারণ আমাদের কাছে টিকা নেই। আমরা তাদের টিকার দ্বিতীয় ডোজ দিতে পারছি না। এটি আমাদের অনেক সমস্যা সৃষ্টি করছে।’
পররাষ্ট্রমন্ত্রী বাউসকে জানান, ‘বাংলাদেশ ভারতের সেরাম কোম্পানির সঙ্গে অ্যাস্ট্রাজেনেকা তিন কোটি টিকা কেনার চুক্তি করেছে। ভারত ৭০ লাখ ডোজ সরবরাহ করেছে এবং ৩২ লাখ ডোজ অনুদান দিয়েছে। মোট দাঁড়িয়েছে এক কোটি দুই লাখ ডোজ।’
ড. মোমেন বলেন, ‘আমরা অন্য জায়গা থেকেও টিকা পাওয়ার চেষ্টা করছি। তবে যখন শুনেছি যুক্তরাষ্ট্র তার অ্যাস্ট্রাজেনেকা টিকার কিছু অন্যদের দেবে তখন আমরা আনন্দিত হয়েছি। যুক্তরাষ্ট্র সরকার আগ্রহ দেখানোর পর আমরা অনুরোধ জানিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনকে চিঠি পাঠিয়েছি। এখন সমস্যা হলো অ্যাস্ট্রাজেনেকা টিকা রপ্তানির অনুমতি দিতে এফডিএ অনেক সময় নিচ্ছে।’ এরপর পররাষ্ট্রমন্ত্রীর কাছে সিএনএনের প্রশ্ন ছিল, ‘এফডিএর অনুমোদন ছাড়াই অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া হলে আপনারা কি তা গ্রহণ করতে চান? এফডিএ’র অনুমোদন না হলেও যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রাজেনেকা টিকার কোনো চালান আপনারা গ্রহণ করতে চান?’ জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো চালান এলে আমরা এখনই তা গ্রহণ করবো।’
কোভিড সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে রোহিঙ্গা শিবিরে ‘লকডাউন’ ঘোষণার কথা উল্লেখ করে পরিস্থিতি সম্পর্কে জানতে চায় সিএনএন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে প্রায় ১১ লাখ রোহিঙ্গা আছে। কিন্তু তাদের এখনও টিকা দেওয়া যায়নি। কঠোর উদ্যোগ নেওয়ার কারণেই রোহিঙ্গা শিবিরে কভিড সংক্রমণ, কভিডে মৃত্যু তুলনামূলক কম।’
মন্ত্রী বলেন, ‘কোভিডের কারণে সেখানে একজনেরও মৃত্যু হয়নি। কারণ আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেগুলো খুবই জোরালো। আমরা তাদেরও টিকা দিতে চাই।’ পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশি ভারতে কোভিড সংক্রমণ নিয়ে শঙ্কার কথা জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সীমান্ত বন্ধ করেছে। এরপরও অনেক বাংলাদেশি ফিরেন আসছে।’
কোভিডের ভারতীয় ধরণ নিয়ে শঙ্কার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ‘যারা ফিরে আসছেন তাদের ব্যাপারে আমরা জোরালো সতর্কতা অবলম্বন করছি। আমার মনে হয়, আমাদের আরো টিকা প্রয়োজন। এটি গুরুত্বপূর্ণ।’ এ পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জন, আপনি জানেন যে বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা বাংলাদেশে। অথচ অল্প একটু জায়গায়। তাই কভিড যাতে না ছড়ায় সে জন্য আমাদের সতর্ক হতে হবে। সব ধরনের সুরক্ষা ব্যবস্থা আমাদের নিতে হবে।’
সাক্ষাত্কারের শেষ পর্যায়ে সাংবাদিক জন বাউস কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলামের প্রসঙ্গ তুলে বলেন, ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লংঘনের অভিযোগে তাকে আটক করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসহ অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তার মুক্তি চেয়েছে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি আইনি বিষয়। এই প্রক্রিয়ায় আমরা হস্তক্ষেপ করতে চাই না। আমি আপনাকে আশ্বাস দিতে পারি যে বাংলাদেশের বিচারবিভাগ অত্যন্ত স্বাধীন। তিনিসহ প্রত্যেকে ন্যায় আচরণ ও বিচার পাবেন। কারো কষ্ট হোক আমরা তা চাই না। তবে আপনি জানেন, আমাদের আইন আছে। আর আমরা আইনকে সম্মান করি।’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ