
আফরোজা সরকার, রংপুর: রংপুরের বদরগঞ্জে‘নো মাস্ক নো মুভমেন্ট’ এই স্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে প্রথমদিন পৌর শহরসহ গ্রামীণ হাটবাজারে প্রশাসনের পক্ষ থেকে মহড়া দেওয়া হয়েছে।
এসময় অযথা ঘুরতে থাকা লোকজনকে ঘরে ফিরতে বলা হয়। এছাড়া মাস্ক ছাড়া যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়। এর পাশাপাশি পৌরশহরের‘আজাদ হোমিওহল’নামে একটি হোমিও ডাক্তার খানায় স্বাস্থ্য বিধি না মেনে চিকিৎসা দেওয়ায় মৌখিকভাবে সতর্ক করা হয়। সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখায়‘মামুন সুইটস’কে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ও এসিল্যান্ড রেহেনুমা তারান্নুম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
এসময় তাদের সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুইট, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম এবং বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।
ওসি হাবিবুর রহমান বলেন, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে কেন যেন আইন না মানার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, সরকারি নির্দেশনা মানতে সকলকে অনুরোধ করা হলেও খুব একটা কাজ হচ্ছে বলে মনে হয় না।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, আগে জীবন পরে ব্যবসা। জীবন যদি না বাঁচে অর্থকড়ি দিয়ে কি হবে। তাই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশ্যই সরকারি নির্দেশনা মানতে হবে। সেজন্য প্রথমদিনমহড়া দেওয়া হয়েছে। এতে কাজ হলে ভাল, নইলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপজেলা চেয়ারম্যান ও বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুইট বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো পুরোটা খোলা না রেখে স্বল্প পরিসরে খোলা রাখতে বলা হয়েছে। কারণ পুরোটা খোলা থাকলে লোকজন অযথা ভিড় করেন। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস