
ভিন্নবার্তা প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দলীয় একটি সূত্র এতথ্য নিশ্চিত করেছেন। তবে বিএনপির শক্তিশালী কোনো সূত্র বিষয়টি এখনো নিশ্চিত করেননি।
এদিকে, বিএনপি পন্থী মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের মহাসচিব গণমাধ্যমকে জানালেন, টেকনোলজিস্ট সবুজ কালেকশন করেছেন। রিপোর্ট প্রথম দফায় নেগেটিভ আসছে। দ্বিতীয় দফায় পজিটিভ আসতে পারে। তবে তিনিও বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেননি।
অপরদিকে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মামুন এর উদ্ধৃতি দিয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার করোনা টেস্ট করানো হয়নি। যেটা করানো হয়েছে সেটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন গতকাল শনিবার নমুনা দেন। গতকাল শনিবার রাতেই নমুনা পরীক্ষার রিপোর্টে খালেদা জিয়া করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্টের একটি কপি ভাইরাল হয়েছে। সেটি কিউআর কোড স্ক্যান করলে স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানা যায় সেখানে চলে যায়। সেখানে এই কপিটি দেখা যায়।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের মালিক গণমাধ্যমকে বলেছেন, তাঁর হাসপাতালে একজন রোগীর করোনার চিকিৎসার জন্য, করোনা ইউনিটে একটি কেবিন রাখতে বলা হয়েছে।
রিপোর্টে যে ফোন নম্বরটা দেওয়া হয়েছে, সেটি বিএনপির চেয়ারপারসনের মেডিকেল টিমের টেকনোলজিস্ট মো. সবুজের। তবে তিনি খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়া বা না হওয়া বিষয়ে কিছু জানেন না।
ভিন্নবার্তা ডটকম/এসএস