
চট্টগ্রাম নগরের সদরঘাট থানার মোগলটুলির মাতবর বাড়ি জামে মসজিদ এলাকায় ছুরিকাঘাতে পারশা আক্তার (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী খুন হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল ৭ টায় স্থানীয় আশরাফ আলীর বাড়িতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।নিহত পারশা আক্তার মোগলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় হোসাইন আহমদের মেয়ে।
এ ঘটনায় হোসেন আহমদের স্ত্রী শারমিন আক্তার (২৮), ছেলে ফাহাদ (৭) ও মেয়ে হুমাইরাও (৪) আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত পারশা আক্তারের মামা মো. আলমগীর জানান, বাড়ির গ্যাস ও পানির বিল আমার বোন পরিশোধ করেন। বাড়িতে থাকা বোনের জামাইয়ের খালাত ভাই কালুকে বাড়ির বিদ্যুৎ বিলের অর্ধেক দিতে বলা হয়।
তিনি বলেন, বিদ্যুৎ বিল দেওয়া নিয়ে শুক্রবার রাতে আমার বোনের সঙ্গে কালুর কথা কাটাকাটি হয়। শনিবার সকাল ৭ টার দিকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় আমার বোন, তার ছেলে ও মেয়েদেরকে ছুরিকাঘাত করে কালু। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২ টার দিকে ভাগনী পারশা আক্তার মারা যায়।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা জানান, পারিবারিক সমস্যা নিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িত কালুকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভিন্নবার্তা/এমএসআই