
বগুড়ার ধুনট উপজেলায় মাকে হত্যা মামলার প্রধান স্বাক্ষী তার ছেলেকে হত্যার হুমকি দিচ্ছে ঘাতক বাবা ও তার লোকজন। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে বাবা, ফুফা ও ফুফুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ অভিযোগটি থানায় সাধারণ ডাইরী হিসেবে রের্কড করে তদন্ত করছেন।
জানা গেছে, উপজেলার রামপুরা গ্রামের সানোয়ার হোসেন একই গ্রামের রেবেকা খাতুনকে প্রায় ১৭ বছর আগে বিয়ে করে। তাদের দাম্পত্য জীবনে ছেলে সন্তানের জন্ম হয়। তার নাম আব্দুর রহিম হৃদয় (১১)। জীবিকার তাগিদে সানোয়ার ও রেবেকা দম্পতি একমাত্র সন্তানকে নিয়ে ঢাকার দক্ষিনখান এলাকার বেড়িবাঁধ রোডের কাঠালতলায় ভাড়া বাসায় অবস্থান করেন।
দাম্পত্য কলহের জের ধরে রেবেকা খাতুনকে তার স্বামী সানোয়ার গত বছরের ১৮ ডিসেম্বর দুপুরের দিকে ঢাকার ভাড়া বাসায় হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই শাহ আলম বাদি হয়ে ঢাকার দক্ষিনখান থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সানোয়ার হোসেন, তার বোন দেলেরা খাতুন ও ভগ্নিপতি আব্দুর রাজ্জাককে আসামী করা হয়। এই মামলার প্রাধান স্বাক্ষী করা হয়েছে নিহতের ছেলে আব্দুর রহিমকে।
এদিকে মাকে হারিয়ে আব্দুর রহিম তার মামা শাহ আলমের গ্রামের বাড়িতে অবস্থান করে। এ অবস্থায় হত্যা মামলার আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদি ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ সহ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। একই সাথে তারা প্রধান স্বাক্ষী আব্দুর রহিমকে নিয়ে গিয়ে তার বাবার পক্ষে আদালতে কথা বলানোর চেষ্টা করছে। কিন্ত আব্দুর রহিম আদালতে বাবার পক্ষে কথা বলতে রাজি হয়নি। এ কারণ আব্দুর রহিমকেও তারা হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় ২৬ ডিসেম্বর আব্দুর রহিম তার বাবা ও হত্যা মামলার অন্যান্য আসামীদের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
ধুনট থানার এএসআই রিপন আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে প্রধান স্বাক্ষীর অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস