
বগুড়ার ধুনট উপজেলায় অপহরণের পর প্রায় আড়াই মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মাসুদ রানা ছয় মাস ধরে পুলিশের ধরা ছোয়ার বাইরে রয়েছে। ফলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পরিবার ন্যায় বিচার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। মাসুদ রানা উপজেলার গোপালনগর ইউনিয়নের দেউড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দেউড়িয়া গ্রামের এক হতদরিদ্র পরিবারের মেয়ে গোপালনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। ওই ছাত্রীকে একই গ্রামের মাসুদ রানা গোপালনগর ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক বাবুর সহযোগিতায় ১৬ জুলাই গ্রামের রাস্তা থেকে অপহরণ করে। স্কুলছাত্রী ওই সময় বাড়ি থেকে পার্শ্ববতী কুনকইনা গ্রামে নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল।
এ ঘটনায় মেয়েটির মা ১৮ জুলাই থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ অভিযোগটি আমলে নেয়নি। এ ঘটনাটি নিয়ে অনেক দেনদরবারের পর অবশেষ ১২ আগস্ট অভিযোগাটি থানায় মামলা হিসেবে রেকর্ড করে। ওই মামলায় মাসুদ রানা ও ফজলুল হকসহ সাত জনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্তরা এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য মেয়ের পরিবারকে নানাভাবে হুমকি দেয়। কিন্তু এতে কাজ না হলে অভিযুক্তরা গ্রামের মাতব্বরদের যোগসাজসে ২০ জুলাই মেয়েটির পরিবারকে সমাজচ্যুত করে। মামলার পর মেয়েটিকে উদ্ধারে তার পরিবারকে কোন সহযোগিতা করেনি থানা পুলিশ। এ অবস্থায় ২৫ সেপ্টেম্বর ওই স্কুলছাত্রীকে সিরাজগঞ্জের চান্দাইকোনা বাজার এলাকা থেকে উদ্ধার করেছেন তার স্বজনরা। উদ্ধারের পর ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, অপহরণের পর স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৬ আসামি ও দেউড়িয়া গ্রামের প্রধান মাতব্বরকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলার প্রধান আসামি মাসুদ রানাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস