
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সমালোচনা ও প্রতিবাদের মধ্যেই এবার ব্রিটিশবিরোধী বিপ্লবী বাঘাযতীনের (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মহাবিদ্যালয়ের সভাপতি নিজামুল হক, অধ্যক্ষ হারুন অর রশীদ, নৈশপ্রহরী খলিলুর রহমান ও কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে তিনিসহ ঘটনাস্থল পরিদর্শন করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীবুল ইসলাম খান। দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
বাঘাযতীনের ভাস্কর্যটি কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া গ্রামে কয়া মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়কের পাশে স্থাপিত। ইউএনও রাজীবুল ইসলাম খান জানান, ভাস্কর্যের ডান গালে ও নাকের ওপর আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, এ ঘটনায় কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলার দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পিবিআই জেলা গোয়েন্দা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ চলাকালে প্রতিষ্ঠান বন্ধ থাকায় কে বা কারা ভাস্কর্য ভাঙচুর করেছে, বলতে পারবেন না বলে জানান কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুন অর রশীদ। সকালে স্থানীয় বাসিন্দারা তাকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানান। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার আগে এ কথা জানান তিনি।
মহাবিদ্যালয়ের নৈশপ্রহরী খলিলুর রহমান জানান, গতকাল দিবাগত রাত ১টার দিকে তিনি জোরে একটি শব্দ শুনতে পান। এরপর কলেজের বাইরে এসে দেখতে পান তিনজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে সড়কের দুই দিক দিয়ে চলে যাচ্ছে।
১৮৭৯ সালের ৭ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির কয়াগ্রামে (বর্তমানে কুষ্টিয়া) জন্ম নেয়া এ বিপ্লবীর আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি ভারতে ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেসময় বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের নেতা ছিলেন বাঘা যতীন। প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন আগে কলকাতায় জার্মান যুবরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রশিক্ষণ নেন। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থানের ষড়যন্ত্র বলে পরিচিত ‘জার্মান প্লট’ তারই মস্তিস্কপ্রসূত।
সশস্ত্র সংগ্রামের এক পর্যায়ে সম্মুখযুদ্ধে উড়িষ্যার বালেশ্বরে তিনি গুরুতর আহত হন এবং বালাসোর হাসপাতালে মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ২০১৬ সালে কয়া মহাবিদ্যালয় তার নামে নামকরণ করা হয়। একই সালে মহাবিদ্যালয়ের সামনে তার এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস