
কুষ্টিয়া শহরের পাঁচ মাথার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগ।
বুধবার (৯ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতা কর্মীরা মশাল, ব্যানার ও ফ্যাস্টুন হাতে নিয়ে শহীদ ডা: জিকরুল হক সড়কের জিআরপি মোড়ে জড়ো হয়। সেখান থেকে উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিনের নেতৃত্বে মশাল নিয়ে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মদিনা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশটি জনসভায় রূপান্তরিত হয় । এতে বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কামারপুকুর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দীন জোতদার মতি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, যুবলীগের আসাদ ইসলাম, কৃষক লীগের পুলক, পৌর ছাত্রলীগের মোশারফ হোসেন, সিফাত সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, অসাম্প্রদায়িক চেতনার জন্য, ভাস্কর্য হল ইতিহাসকে বেঁচে রাখা, মৌলবাদরা এটা চায় না। হেফজত ইসলামের নেতা বাবু নগরী, মামুনুল হকসহ সকল ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের জোর দাবি জানান বক্তারা।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস