
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার কুল্লাগড়া ইউনিয়নের আড়াপাড়া, পশ্চিমবিজয়পুর ও দুর্গাপুর সদর ইউনিয়নের ভবানীপুর, গোপালপুর গ্রামে বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ফসল ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি সাধন করেছে। সন্ধ্যার পর ভারত থেকে নেমে আসা হাতির দল রাতভর এ তাণ্ডব চালায়।
সরেজমিনে গিয়ে জানা গেছে, গত তিন চার দিনে হাতির দল ২০ থেকে ২৫টি ঘর-বাড়ির গুড়িয়ে দিয়ে ওই এলাকার বহু জমির ফসল, বাড়িতে রাখা ধান খেয়ে সাবাড় করে দিয়েছে। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
ইতোমধ্যে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন পশ্চিম বিজয়পুর গ্রামের এক আদিবাসী কৃষক। আগেও হাতির তাণ্ডবে প্রাণহানির ঘটনা ঘটেছে। বন্যহাতির তাণ্ডবে আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে ৪-৫ গ্রামের মানুষ।
তারপরও ওই এলাকার মানুষ না পারছে তাদের ফসল রক্ষা করতে না পারছে তাদের ঘর-বাড়ি রক্ষা করতে। জীবনের ঝুঁকি রাতে নিয়ে মশাল জ্বালিয়ে ফসল ও বাড়ি ঘর রক্ষার চেষ্টা করলেও বন্যহাতির সামনে দাঁড়াতে পারছে না তারা। পেটে ক্ষুধা ও আশ্রয়স্থল হারিয়ে অনেক পরিবার হতাশ হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত মনোয়ারা বেগম জানান, রাতে হঠাৎ বন্যহাতির একটি দল আমার বাড়িতে প্রবেশ করে। হাতিগুলো আমার বসত ঘরের খুঁটি, বেড়া, ভেঙে তছনছ করে ফেলে। বসত ঘরে থাকা হাঁড়ি-পাতিল, জামা-কাপড়সহ যাবতীয় আসবাবপত্র পিষে নষ্ট করে। তখন ঘরবাড়ি ফেলে সন্তানাদি ও জীবন বাঁচাতে পালিয়ে যাই আমরা। প্রায় দুই ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে হাতির দল। শুধু তাই নয় ঘরে রাখা চাল ও ধান নষ্ট করেছে ক্ষুধার্ত হাতির দলটি।
দুর্গাপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম জানান, হাতিগুলো বাংলাদেশ সীমান্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছে এবং রাত হলেই চলে আসছে লোকালয়ে এতে স্থানীয়রা রয়েছে আতঙ্কে। বন্যহাতির দল লোকালয়ে প্রবেশ করে ধান, সবজি, গাছ-পালাসহ মানুষের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত করছে প্রতিনিয়ত। এ বিষয়ে প্রশাসনের সহায়তা কামনা করছি।
বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, প্রতিবছরই বন্যহাতি খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে এ ধরনের ক্ষতি করে। তবে ক্ষতিগ্রস্তদের বন বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। এবারও বন বিভাগের আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, ভারতীয় বন্যহাতির দল লোকালয়ে প্রবেশ করে আড়াপাড়া ও পশ্চিমবিজয়পুর, ভবানীপুর, গোপালপুরসহ কয়েকটি গ্রামের ফসল, বাড়ি-ঘর ভাংচুরসহ ব্যাপক ক্ষতি করেছে। তাৎক্ষণিকভাবে তাদের ভেঙে যাওয়া ঘর মেরামতের জন্য ২ হাজার টাকা ও শীতবস্ত্র কম্বল প্রদান করেছি। পরবর্তীতে আরও সহায়তা দেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই