
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহণ ধর্মঘট চললেও কোনো প্রভাব পড়েনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রমে। বন্দরের একমাত্র ওয়েট ব্রিজ জটিলতা কাটিয়ে ও শুক্রবার সাপ্তাহিক বন্ধের পর শনিবার সকাল থেকেই আখাউড়া বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘটের প্রভাব আখাউড়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে কোনো বাধা পড়েনি। বন্দরের একমাত্র ওয়েট ব্রিজ জটিলতা কাটিয়ে এবং শুক্রবার সাপ্তাহিক বন্ধের পর শনিবার সকাল থেকে পূর্বোত্তর ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে। বন্দরে লোডিং-আনলোডিং কার্যক্রম স্বাভাবিক আছে। পণ্যবোঝাই ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেছে। আবার পণ্য আনলোড করে ফিরেও যাচ্ছে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান জানান, আখাউড়া বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। অপরদিকে বাংলাদেশ থেকেও মাছ ও ভোজ্যতেলসহ পণ্যবোঝাই ট্রাক ভারতে প্রবেশ করছে।
আখাউড়া স্থলবন্দর কাস্টমস শুল্ক স্টেশনে রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ধর্মঘটের কোনো প্রতিবন্ধকতা আখাউড়া বন্দরে পড়েনি। পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই