
ঢাকায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অন্যতম বৃহত্তম সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) বার্ষিক সাধারণ সভা রোববার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
ডিএসইসির সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইফনিয়ন-বিএফইউজে সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সংবাদকর্মীরা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাংবাদিকবান্ধব মানুষ। তিনি সাংবাদিকদের জন্য নানান সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন।
তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কথা বলা হয়, আরও নানান সমালোচনা করা হয়। কিন্তু অষ্টম ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের কথা বলা হয় না। একটা রাষ্ট্র সুশৃঙ্খলভাবে চলতে হলে আইনের ভিত্তিতেই চলতে হবে। দেশে কোনো অপরাধী আইনের বাইরে থাকবে না।’
সাব-এডিটররা নিজেদের মেধা কাজে লাগিয়ে পাঠকদের সামনে সংবাদ উপস্থাপন করেন জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘তারা রাত জেগে কাজ করেন। পরিবারকে ঠিকমতো সময় দিতে পারেন না। বাইরে সংগঠন গোছানোর সুযোগ তাদের কম। তাই সবাইকে আহ্বান জানাই, ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠিত হয়ে হলেও দেশের গণমাধ্যম গঠনে আপনারা কাজ করবেন।’
মুক্তিযুদ্ধের সময় সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উল্লেখ করে নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘পাকিস্তানি বাহিনীর নির্যাতন ও মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। কিন্তু বিগত ৫০ বছরেও আমরা সংবাদকর্মীদের যথাযথ স্থান ও মর্যাদা দিতে পারিনি।
স্বাধীনতার পর গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার পর শক্তিশালী গণমাধ্যম গঠনের চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে হত্যা করা হলো। বঙ্গবন্ধুকে হত্যার পর আর কেউ পত্রিকায় বঙ্গবন্ধু শব্দটাই লিখতে পারেনি। বন্দুকের নলের কাছে তারা জিম্মি হয়ে পড়েছিল। আমরা সত্য থেকে সরে গিয়েছিলাম।
মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন। এতে গত এক বছরে সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এই অধিবেশনে পেশ হওয়া সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষের রিপোর্ট, গঠনতন্ত্র সংশোধনী সর্বসম্মতিক্রমে পাশ হয়। দ্বিতীয় অধিবেশনে ডিএসইসির প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সংবাদিক মনজুরুল আহসান বুলবুল, ডিএসইসির সাবেক সভাপতি কায়কোবার মিলন, আশরাফুল ইসলাম, নাসিমা আক্তার সোমা, আলমামুন, কেএম শহীদুল হকও বক্তব্য দেন।
সংগঠনের সভাপতি মামুন ফরাজী বলেন, ‘করোনা মহামারিকালে দায়িত্ব নেওয়ার পরও আমরা থেমে থাকিনি। সংগঠনে গতি আনতে নানামুখী উদ্যোগ নিয়েছি। অধিকাংশ উদ্যোগই বাস্তবায়ন করতে পেরেছি। যেসব উদ্যোগ বাস্তবায়ন করা যায়নি, আশা করি আগামী নেতৃত্ব সেগুলো করবে।
সুন্দর ও শৃঙ্খলভাবে এজিএম অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সংগঠনের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মামুন ফরাজী।
ভিন্নবার্তা/এমএসআই