
৪৪তম বিশেষ বিসিএসে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০৯ জন জুনিয়র কনসালটেন্ট (অ্যানাস্থেসিওলজি) নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এজন্য ‘বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১’ সংশোধন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপনের গেজেট গত ২৮ জুন জারি করা হয়েছে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শক্রমে এই সংশোধন এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে।
এতে ‘জরুরি পরিস্থিতি মোকাবিলায় জুনিয়র কনসালটেন্ট (অ্যানাস্থেসিওলজি) নিয়োগ’ শিরোনামে ১৬ নম্বর বিধি যুক্ত করা হয়েছে।
এই বিধিতে বলা হয়, সরকার কোভিড-১৯-এর কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কমিশন কর্তৃক নির্ধারিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে ৪০৯ জন জুনিয়র কনসালটেন্ট (অ্যানাস্থেসিওলজি) পদে নিয়োগ দেয়া হবে।
জুনিয়র কনসালটেন্টদের (অ্যানাস্থেসিওলজি) বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না। তাদের এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিএমডিসির নিবন্ধন থাকতে হবে।
এছাড়া সহকারী সার্জন হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাসহ বিএমডিসি স্বীকৃত অন্যান্য সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বলে সংশোধনীতে উল্লেখ করা হয়।
এককালীন নিয়োগের জন্য এই সংশোধন আনা হয়েছে। নিয়োগের পর এই সংশোধন বিলুপ্ত হয়ে যাবে বলেও বিধি সংশোধনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ৪০৯ জন জুনিয়র কনসালটেন্টদের (অ্যানাস্থেসিওলজি) নিয়োগ শুধু মৌখিক পরীক্ষায় হবে। প্রিলিমিনারি কিংবা অন্য কোনো পরীক্ষা হবে না। এ সংক্রান্ত প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই মাসের মধ্যেই এই বিসিএসের বিজ্ঞপ্তি জারি করতে পারে পিএসসি।
ভিন্নবার্তা ডটকম/এন