
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে ২৮ মার্চের হরতালের সমর্থনে গফরগাঁওয়ে হাট সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সোমবার (১৪ মার্চ) বিকালে গফরগাঁও গরু হাটায় অনুষ্ঠিত হাট সভায় বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিস্ট নেতা ক্ষেতমজুর সমিতির গফরগাঁও শাখার সভাপতি কমরেড আজিম উদ্দিন মাষ্টার, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন, সহ সম্পাদক মাহাবুল আলম রিপন প্রমুখ। উপজেলা সিপিবির সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন তার বক্তব্যে সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বলেন করোনা কালে ৩ কোটি মানুষ নতুন করে দরিদ্র হলেও ১৭ হাজার মানুষ কোটিপতি হয়েছে। এটা প্রমাণ করে দেশ চলছে লুটেরা গোষ্ঠীর স্বার্থে।তিনি লুটপাটের অর্থনীতি ও রাজনীতি প্রত্যাখ্যান করে বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে এবং আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধ দিবস সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানান।
ভিন্নবার্তা/এমএসআই