
খুলনা থেকে ১৮টি রুটে পরিবহন চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানান খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোনা।
তিনি বলেন, শনিবার খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা আছে। তাই মালিক সমিতির সিদ্ধান্তে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা শহরের কোন পরিবহন ছেড়ে যাবে না এবং কোন পরিবহন শহরে প্রবেশ করবে না।
এদিকে ফোনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা নগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, যতই বাধা আসুক শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় খুলনায় বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হবেই। সমাবেশের ৮০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে খুলনার বাস মালিক সমিতির দায়িত্বে যারা আছে তারা আ.লীগের দলীয় লোক। তাই তারা বাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরিবহন বন্ধ করা মানে সমাবেশ হবে না এটা ভাবার কোন অবকাশ নেই। পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ।
মঞ্জু অভিযোগ করে বলেন, হঠাৎ করেই বাড়িতে বাড়িতে পুলিশের অভিযান এবং নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। সমাবেশ ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে। বিএনপি একটি জনপ্রিয় দল। এ দলের সমাবেশের গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু সরকার বিএনপি’র কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে চায়। বাধা, ভয়ভীতি উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশে আসবে। খুলনাবাসী সমাবেশে আসার জন্য অধীর আগ্রহে বসে আছে। খুলনায় যে কোন মূল্যে সমাবেশ করবে বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে গত ১৭ ও ২৩ ফেব্রুয়ারি দু’দফায় আবেদন করা হয়েছে। চারটি স্থানের মধ্যে রয়েছে শহিদ হাদিস পার্ক, মহারাজ চত্বর, শিববাড়ি মোড় বাবরী চত্বর ও সোনালী ব্যাংকের সামনে। যেসব স্থানে সমাবেশ আগে হয়েছে সেখানেই অনুমতি চাওয়া হয়েছে। সিটি মেয়র আশ্বস্ত করেছিলেন অনুমতি দেওয়া হবে। অথচ এখনো পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি। বিএনপি আশাবাদী অচিরেই অনুমতি দেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার (২৭ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের ছয় সিটিতে দলীয় মেয়র প্রার্থীদের নেতৃত্বে খুলনাতে মহাসমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)। বিশেষ অতিথি থাকবেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া প্রধান বক্তা থাকবেন ছয় সিটির মেয়র প্রার্থীরা।
ভিন্নবার্তা/এমএসআই