
সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ গ্রামে ঈদুল আজহা উদযাপন করেছেন কয়েকশত মুসল্লি। তবে ভোর থেকে মুষলধারে বৃষ্টি নামায় মসজিদের ভেতরে নামাজ আদায় করেন তারা।
বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমরা জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে রাখাল-তলী পুরাতন মসজিদের ইমাম জয়নাল ফকির এ জামাতের ইমামতি করেন। এছাড়া আরও কয়েকটি মসজিদে কিছু মানুষ ঈদের নামাজ আদায় করেন।
স্থানীয় মাইটকোমরা গ্রামের বাসিন্দা মো. আকতার হোসেন বলেন, এবার খুব ভোর থেকেই বৃষ্টি। তাই মসজিদের বাইরে নামাজ আদায় করা সম্ভব হয়নি। মাইটকুমড়া জামে মসজিদে সকাল ৯ টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কাঁটাগড় গ্রামের বাসিন্দা মাহিদুল হক বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরি সহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি গঙ্গানন্দপুর, দিঘিরপাড়সহ অন্তত দশটি গ্রামের বেশ কিছু মানুষ ঈদ উদযাপন করছেন। তবে, বৃষ্টির বাগড়ায় মাঠে নামাজ আদায় করা যায়নি।
শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ বলেন, উপজেলার দুটি ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি, বন্ডপাশা ও জয়দেবপুর, দিঘীরপাড় গ্রামের কিছু মানুষ ঈদ উদযাপন করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই