
গ্রামের বাড়ি থেকে আনা শাকসবজি বা অন্য কোনো সদাইয়ে ভরা বস্তা কারও মাথায়, কারও হাতে ব্যাগ। কারও কোলে দুধের শিশু, কোনো কোনো শিশু মা কিংবা বাবার আঙুল ধরে হাঁটছে। এভাবেই হাজার হাজার শ্রমজীবী নারী-পুরুষ হেঁটে রোববার ভোর থেকে রাত পর্যন্ত গাজীপুর ও ঢাকায় প্রবেশ করেছেন।
ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়ি গিয়েছিলেন, তারা লকডাউনে যানবাহনের অভাবে হেঁটে কর্মস্থলে আসছেন।
রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত রাস্তা পুরোটাই ফাঁকা। মাঝে মাঝে দু’একটি অ্যাম্বুলেন্স ও জরুরি ওষুধ বা পণ্যের গাড়ি চলছে। বিভিন্নস্থানে পুলিশের চেকপোস্টে নানা প্রশ্নের মুখোমুখি হওয়ার পর গাড়িগুলো ছাড়া হচ্ছে।
তবে যাত্রীবাহী কোনো গাড়ি চলাচল করতে দেখা যায়নি। পুরো সড়কজুড়েই মানুষ ছিল। বিশেষ করে ঢাকা অভিমুখে হেঁটে ছুটছেন মানুষগুলো।
আবদুল কুদ্দুস নামে এক পোশাক শ্রমিক জানান, তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। গফরগাঁও হয়ে নদী পথে বরমী পর্যন্ত এসেছেন। এরপর থেকে হেঁটে ছুটছেন গাজীপুরে তার ভাড়া বাসায়। ঈদের আগের দিন স্ত্রী ও দুই সন্তানকে বাসায় রেখে গ্রামে গিয়েছিলেন।
তিনি বলেন, বাসায় চাল-ডাল কিছুই নেই। আমি বাসায় না গেলে ওরা না খেয়ে থাকবে। এ কারণে হেঁটেই ছুটছি পরিবারের কাছে। পুরো রাস্তাজুড়েই দলবেঁধে মানুষের ছুটে চলার দৃশ্য দেখা গেছে। হেঁটে চললে পুলিশের বাধার মুখে পড়তে হয় না বলে অনেকেই এভাবে গন্তব্যে যাচ্ছেন।
দু’একটি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করলেও ভাড়া দেওয়ার ক্ষমতা নেই অনেকেরই। পুলিশের চোখ ফাঁকি দিয়ে এক স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ড পর্যন্ত চলছে অটোরিকশা। কারও কারও মুখে মাস্ক পর্যন্ত নেই।
গাজীপুর জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ জানান, জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৫টি চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান বলেন, মহানগর এলাকায় ১০টি চেকপোস্ট বসানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন