
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে মহাসড়কটির সংস্কার কাজ চলার কারণে উভয় দিকে দীর্ঘ ১২ কিলোমিটার সড়কে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে বিভিন্ন যানবাহন।
এতে চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম বন্দর থেকে উত্তরাঞ্চলগামী বিভিন্ন পণ্যবাহী পরিবহন, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনের চালকও যাত্রী সাধারণ। এই নিউজ লেখা পর্যন্ত যানজট অব্যাহত আছে।
সরেজমিন ঘুরে জানা যায়, এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটি চার লেন বিশিষ্ট সড়কে উন্নীত করার জন্য বিভিন্ন স্থানে সড়কের একপাশ বন্ধ করে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এর ফলে এশিয়ান হাইওয়ে সড়কের রূপগঞ্জের গোলাকান্দাইল থেকে জিন্দা এলাকা পর্যন্ত উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ থেকে চট্টগ্রাম বন্দরগামী মালবাহী কাভার্ডভ্যান চালক সালাম মিয়া বলেন, সকাল ১০টা থেকে যানজটে আছি এখন পর্যন্ত ভুলতা গাউছিয়া পার হতে পারিনি। জানি না কতক্ষণ পর এ যানজট থেকে রেহাই পাবো। এমনকি কখন মালামাল নিয়ে গন্তব্যে পৌঁছবো সেটাও বুঝতে পারছি না।
এই সড়কে নিয়মিত যাতায়াত করা যাত্রীবাহী বাসচালক আনোয়ার হোসেন বলেন, এই সড়কে যানজটে থাকা আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
মতিউর রহমান নামে বাসযাত্রী বলেন, অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার জন্যে ঢাকার হাসপাতালে যাওয়ার জন্যে রওয়ানা দিয়েছি। সকাল ১০টা থেকে যানজটে পরে আছি। এখনো কাঞ্চন ব্রিজ পার হতে পারিনি। কখন হাসপাতালে পৌঁছতে পারব জানি না।
ভুলতা হাইওয়ে পুলিশের এসআই মজিবুর রহমান বলেন, রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষ রাস্তার মেরামতের কাজ করার কারণে এ যানজটের সৃষ্ট হয়েছে। আমরা এক পাশ আটকিয়ে আরেক পাশ ছাড়ছি। এভাবে সমতার মাধ্যমে যানজট নিরসনে কাজ করছি।
ভিন্নবার্তা/এমএসআই