
হাসির রানি তোমায় মানি দেখে তোমার হাসি,
প্রেমের ক্ষেতে এসো বন্ধু হবো প্রেমের চাষি।
হাসিতে যেন মুক্তা ঝরে ধরিতে চায় মন,
ঐ হাসির শুভ্র হাওয়া মাতাল করে তন।
গালের টোলে জবার হাসি চোখের কোণে সুখ,
ঠোঁটের মাঝে রঙের খেলা দেখলে ভরে বুক।
তব ললাটে সুখের নীড় গড়তে চায় মন,
রাঙিয়ে দিতে ঐ নীলিমা করছি আজি পণ।
ধরায় যত শান্তি আছে পাবো তোমার কাছে,
অধিক টাকা অট্টালিকা চাই না আমি পাছে।
সুখের ভূমি রূপ মাধুরি তোমাতে আছে মিশে,
দেখলে কভু তোমার মুখ হারিয়ে ফেলি দিশে।
ছবিতে দেখে যে সুখ মিলে সামনে যদি দেখি,
জ্ঞান হারিয়ে মরেই যাবো ভাবছি বসে সেকি!
দেখার পরে ভাবছি ছোঁবো ধরবো রাঙা হাত,
গল্প করে কাটিয়ে দিবো ব্যথায় ভরা রাত।
রঙিন ঠোঁটে ঠোঁটকে রেখে সিন্ধু যাবো সেঁচে,
প্রেমের সুধা পান করিবো ভাববো আছি বেঁচে।
সারা বদনে আঁকবো আমি ভালোবাসার ছবি,
পারবে না”তো বলতে কভু নইতো ভালো কবি।
তোমায় নিয়ে লিখবো আমি ছন্দে ভরা কথা,
আমায় তবু দিও না প্রিয়া কখনো মনে ব্যথা।
হৃদয় ঘরে আদর করে রাখি তোমায় ধরে,
তুমি তোমার হৃদয় থেকে দিও না পর করে।
তোমার হাসি জুড়ায় আঁখি শান্ত করে কূল,
তুমি আমার মন কাননে সবার সেরা ফুল।
তোমার চলা তোমার বলা সব যে লাগে ভালো,
তুমি আমার আঁধার মনে জ্বালিয়ে রাখো আলো।
তোমার কথা দেয় না ব্যথা যদিও হয় কড়া,
তোমার ধ্যানে এত পাগল মনে হয় তা ছড়া।
নিজ হস্তে প্রভু তোমাকে গড়েছে মনে হয়,
তাই তোমাকে পেলেই যেন স্বর্গ হবে জয়।