
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ফকির পাড়া গ্রাম থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত স্কুলছাত্রীর নাম আরিফা তাবাচ্ছুম মোহনা (১৫)। সে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম মঞ্জুরুল আলম খোকন। জানা গেছে, প্রেম ঘটিত কারণে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।
স্থানীয় জাহেদ হোসেন জানান, বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে আরিফা তাবাচ্ছুম মোহনা তার নিজ ঘরে একাই ঘুমাতে যায়। সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করলে সে কোনো সাড়া দেয় না। পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে মোহনাকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, ফকির পাড়ার ফকির বাড়িতে এক স্কুলশিক্ষার্থীর আত্মহত্যার খবর শুনে আমি মিরসরাই থানায় খবর দেই। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মঘাদিয়ায় স্কুল শিক্ষার্থী আরিফা তাবাচ্ছুম মোহনার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই