
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সৈয়দপুরে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। “আজকে মোদের খুশীর দিন, বিশ্বনবীর জন্মদিন” এ শ্লোগানকে মুখরিত রেখে দিবসটি উদযাপনে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, মসজিদ, মাদরাসা, খানকাহ এবং অন্যান্য প্রতিষ্ঠান গ্রহণ করে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে ছিল, কোরআনখানী, মিলাদ মাহফিল, মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনির ওপর ধর্মীয় আলোচনা, নাত ও গজল প্রতিযোগিতা, তবারক বিতরণ এবং অসহায় মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ। এছাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধনিবাসসহ অন্যান্য প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মূল আকর্ষণ ছিল জশনে জুলুছ। বৃহস্পতিবার সকালে সৈয়দপুরের বিভিন্ন খানকাহ, মাদরাসা, মসজিদসহ পাড়া মহল্লা থেকে নবীপ্রেমী মানুষজন নতুন পোশাক গায়ে দিয়ে জাতীয় পতাকাসহ নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে জশনে জুলুছে অংশ নিতে দলে দলে সমবেত হয় শহরের রেলওয়ে মাঠে। জশনে জুলুছে অংশ নিতে মানুষের ঢল রেলওয়ে মাঠ পেরিয়ে সড়কে চলে আসে। পরে জশনে জুলুছের রুট ঠিক করে সেখান থেকে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে উত্তরাঞ্চলের বৃহৎ জশনে জুলুছ বের করা হয়। শিশু থেকে শুরু করে বয়স্ক হাজার হাজার মানুষের অংশগ্রহণে জুলুছটি শহরের সিনেমা রোড হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে পুরাতন বাবুপাড়া, দারুল উলুম মাদরাসা মোড় অতিক্রম করে বিমানবন্দর সড়ক ও শহীদ ডা. জিকরুল হক সড়ক দিয়ে পুনরায় রেলওয়ে মাঠে গিয়ে শেষ হয়। এসময় সেখানে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হাজী মো. নুরুদ্দিন আশরাফী। পরে দোয়া মাহফিলে হামদ্ ও নাত পরিবেশন শেষে মোনাজাত পরিচালনা করেন ভারত থেকে আগত পীরে কামেল হযরত সৈয়দ জামাল আশরাফ আশরাফী আল জিলানী। এরআগে আলোচনায় বক্তব্য বলেন আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দসহ অতিথিরা। জশনে জুলুছে অন্যান্যদের মধ্যে অংশ নেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, আওয়ামীলীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, হিটলার চৌধুরী ভলু, জাতীয় পার্টি নেতা ও বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়কে পৌরসভা, আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত, খানকাহ ও মাদরাসা কাদেরিয়া তেগিয়া আনোয়ারুল উলুম, খানকাহ চিশতিয়াসহ বিভিন্ন রাজনীতিক ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় তোরণ স্থাপন করা হয়। মসজিদ মাদরাসা ও খানকাহসহ ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে করা হয় আলোকসজ্জা। গোটা সৈয়দপুরে দেখা যায় ঈদের আমেজ। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিলসহ ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মপ্রাণ মানুষজন রোজাও পালন করে। অসহায় ও দুস্থদের মাঝে পরিবেশন করা হয় উন্নতমানের খাবার।
এদিকে জশনে জুলুছের কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সৈয়দপুর থানা পুলিশের পক্ষে শহরের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এসময় ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মো. জাকির হোসেন ও মাহফুজার আলম, সার্জেন্ট সাদেকুর রহমান সুজনসহ ট্রাফিক বিভাগের সদস্যরা শহরের প্রতিটি পয়েন্টে অবস্থান নিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। ওইদিন সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর রাতে শহরের বাংলা হাই স্কুল মাঠে দাওয়াতে ইসলামি নামে একটি সংগঠন ইজতিমায়ে মিলাদের আয়োজন করে। অনুষ্ঠানটি চলে গভীর রাত পর্যন্ত। এতে সংগঠনের কয়েক হাজার কর্মী ও সমর্থক অংশ নেন। দুপুরে সংগঠনটির পক্ষ থেকে বের করা হয় জশনে জুলুছের র্যালি ৷
ভিন্নবার্তা/এমএসআই