
রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা পৃথক দুই মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়দানকারী আব্দুল কাদেরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
জলসিঁড়ি প্রকল্পের ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মনির হোসেন নামে এক ঠিকাদার একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) আশরাফুল ইসলাম।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব না হয়েও কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে ১২ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা করেন জয়নাল আবেদীন বাবু নামের আরেক ব্যক্তি। এ মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন করেন আরেক তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ জাহিদুল ইসলাম।
আব্দুল কাদেরের পক্ষে তার আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত এক মামলায় চার দিন এবং আরেক মামলায় তিনদিনের রিমান্ডের আদেশ দেন।
গত ৮ অক্টোবর আব্দুল কাদেরকে গ্রেফতার করে পুলিশ। এরপর পল্লবী থানার অস্ত্র আইনের একটি মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় রিমান্ড শেষে ১৩ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৭ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবার এ দুই মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।
ভিন্নবার্তা ডটকম/এন