
বর্তমান সরকার শিক্ষাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষা ক্ষেত্রে যুগোপযোগী উন্নয়ন সাধনে কাজ করছে। শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষা অঙ্গনে দৃষ্টি নন্দন অবকাঠামো নির্মাণ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সকল আধুনিক সুযোগ-সুবিধা থাকছে।
মন্ত্রী বলেন. মনোহরদী শিক্ষাবান্ধব উপজেলা। এই উপজেলার মেধাবী সন্তানরা সরকারের বিভিন্ন উচ্চ পদে কর্মরত হয়েছে। যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। এটা আমাদের উপজেলার জন্য খুবই গর্বের বিষয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করতে আমরা নান্দনিক ডিজাইনের অবকাঠামো নির্মাণ করে দিচ্ছি।
বর্তমান সরকার শিক্ষাকে বেশি আগ্রাধিকার দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে শিক্ষাকে ডিজিটাল করা হয়েছে। এখন শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে পাঠদান করতে পারছে। সরকার স্বাস্থ্য বিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (মনোহরদী- শিবপুর সার্কেল) মেসবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরুজা সুলতানা রুবী প্রমুখ।
এদিন, জলবায়ু ফান্ড ট্রাস্টের আওতায় বন অধিদপ্তরের বাস্তবায়নে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় উপজেলায় চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনেরও উদ্বোধন করেন তিনি।
এ ছাড়া শিল্পমন্ত্রী ও জেরা প্রশাসক খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী এবং খেলাধুলার উপকরণ বিতরণ করেন।
ভিন্নবার্তা ডটকম/এন