
সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে আজ রোববার রাজধানীর সড়কে আগের তিনদিনের চেয়ে গাড়ির চাপ বেড়েছে। আগের চেয়ে চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বেড়েছে।
সকালে অনেক চেকপোস্টে যানবাহনের দীর্ঘ সারিও দেখা গেলেও দুপুরে সড়কগুলো প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। বৃষ্টির কারণে পাড়া-মহল্লাতেও মানুষের চলাচল কম ছিল।
রাজধানীর বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা ঘুরে এমন চিত্র মিলেছে। তবে প্রায় সবখানেই দেখা গেছে রিকশা।
বিভিন্ন চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, যৌক্তিক কারণ দেখাতে না পারা ব্যক্তিগত গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যারা যৌক্তিক কারণ দেখাতে পারছেন, কেবল তারাই বের হতে পারছেন।
সকালে যাত্রাবাড়ি, নয়াবাজার, পোস্তগোলা ব্রিজ এলাকা, মিরপুর রোড এলাকার কয়েকটি চেকপোস্ট ঘুরে দেখা যায়, এসব চেকপোস্টে প্রায় সব গাড়ি থামানো হচ্ছে। অপ্রয়োজনে বের হওয়া গাড়িগুলোকে মামলাও দেওয়া হচ্ছে।
পুলিশের ধানমন্ডি ট্রাফিক জোনের সহকারী কমিশনার জাহিদ আহসান জানান, সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় লকডাউনে চালু থাকা অফিসগুলোর কর্মীরা অফিসে গেছেন। এতে সকালে যান চলাচল বেশি ছিল। তবে দুপুরে তা একেবারেই কমে গেছে। যাচাই ছাড়া কেউ চেকপোস্ট পার হতে পারছেন না।
ঢাকা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম জানান, লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে নানা সংস্থা দায়িত্ব পালন করছে। চেকপোস্ট ছাড়াও পুলিশের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালাচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন