
নেত্রকোনার দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী আরজ আলীর নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব অর্ধযুগ ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঝুলে আছে। প্রস্তাবটির আশু অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা দাবি করেছেন স্থানীয়রা।
জানা যায়, আরজ আলী সরকারের গেজেটভুক্ত শহীদ বুদ্ধিজীবী। সরকার তাঁর স্মারক ডাকটিকিটও প্রকাশ করেছে।
স্থানীয়ভাবে তাঁর স্মৃতি রক্ষায় ১৯৭৩ সালে স্থানীয় জনসাধারণের উদ্যোগে দুর্গাপুর পৌর শহরের কালীমন্দির মোড় থেকে সুসং কলেজের সম্মুখ হয়ে বেলতলী মোড় পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার সড়ক শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলীর নামে নামকরণ ও নামফলক বসানো হয়। পরবর্তীতে প্রশাসনিকভাবে সড়কটির নামকরণ ও নামফলক স্থাপনের জন্য ২০১৬ সালে নেত্রকোনা জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সুপারিশসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। দীর্ঘ ছয় বছর পার হলেও রহস্যজনক কারণে প্রস্তাবটির সুরাহা হচ্ছে না।
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী স্মৃতি সংসদের সভাপতি সুসং কলেজের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম জানান, অধ্যাপক আরজ আলী ১৯৪৫ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নেত্রকোনা কলেজের দর্শন বিষয়ের অধ্যাপক ছিলেন। অবস্থান করতেন কলেজের শিক্ষক হোস্টেলে।
তিনি ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনে জনমত গঠন, ঊনসত্তরের গনঅভ্যুত্থানে অংশ গ্রহণ ও স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও কাজ করেন তিনি। সর্বশেষে ১৯৭১ সনে তিনি তাঁর গ্রামের বাড়িতে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেন। জানতে পেরে পাকিস্তানী সেনারা ১৯৭১ সালের ১২ আগস্ট তাঁকে নেত্রকোনা কলেজ হোস্টেল থেকে ধরে দুর্গাপুরের বিরিশিরি সেনাঘাঁটিতে নিয়ে যায়। সেখানে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। তাঁকে পাকিস্তান জিন্দাবাদ বলতে আদেশ করা হয়। রাজি না হওয়ায় তাঁকে বিষাক্ত বেয়নেট দিয়ে ২৯ বার খোঁচা দেওয়া হয়। কিন্তু তিনি ‘জয় বাংলা’ ছাড়া আর কিছু উচ্চারণ করেননি। একপর্যায়ে তিনি অবশ হয়ে মাটিতে ঢলে পড়েন। ১৬ আগস্ট তাঁকে সুমেশ্বরী নদীতীরে গুলি করে হত্যা করে হত্যা করে পাকিস্তানী সেনারা।
তাঁর স্মৃতিরক্ষায় সরকারের কাছে যথানিয়মে আবেদন ও মানববন্ধন হয়েছে। রহস্যজনক কারণে নীরব রয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর।