
বরগুনার পোটকাখালী গণকবরে ২৩টি অজ্ঞাত পরিচয় মরদেহ শনাক্ত করতে স্বজনদের নমুনা দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন।
রোববার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে বরগুনা পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয় মরদেহ শনাক্ত করতে সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউজ প্রাঙ্গনে ঝালকাঠি, বরিশাল ও বরগুনার নিখোঁজদের স্বজনের নমুনা নেওয়া হবে। নমুনা সংগ্রহের জন্য ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালীর নেতৃত্বাধীন একটি মেডিক্যাল টিম কাজ করবে।
বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত, নিখোঁজ ও যাত্রীদের বিষয়ে যেকোনো তথ্য জানতে জেলা প্রশাসন কন্ট্রোল রুম নম্বর চালু করেছে। ইতোমধ্যে আমরা বেশ কিছু স্বজনদের তালিকা তৈরি করেছি। মাইকিং ও টেলিফোনের মাধ্যমে তাদের নমুনা দেওয়ার কথা জানানো হয়েছে। অধিকাংশ স্বজনরা সোমবার আসবেন বলে আমাদের জানিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ