
রৌমারীতে পুলিশ অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ ধ্বংস করেছে। সোমবার ৯ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত রৌমারী থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলে। রৌমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রৌমারী হেলিপ্যাড সংলগ্ন হরিজন ও রবিদাস সম্প্রদায়ের লোকজন নিয়মিত চোলাই মদ তৈরি করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিক্রি করে থাকে।
এমন খবরে রৌমারী থানা ইনচার্জ ইমতিয়াজ কবির এর নেতৃত্বে রৌমারী থানা তদন্ত কর্মকর্তা মোন্তাছির বিল্লাহ, সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম আকন্দ, এস আই শাহীন অভিযানে অংশ গ্রহণ করেন।
সরেজমিনে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ লিটার জমানো চোলাই মদ উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত চোলাইমদ উপস্থিত জনসনমুখে ধ্বংস করে দেন। রৌমারী থানা নবাগত ওসি ইমতিয়াজ কবিরের মাদক বিরোধী অভিযানকে সাধুবাদ জানান আশপাশের লোকজন।
এ ব্যাপারে ওই এলাকার আব্দুস ছালাম, জাকারিয়া, রবিউল, ইয়াকুব,শওকত আলী বলেন, প্রতিনিয়ত বছরের পর বছর এখানে চোলাইমদ তৈরি করে বিক্রি করে আসছিল। এ নিয়ে আমরা অসহায়ত্ব বোধ করেছি। অনেক অভিযোগ করেও কোন কাজ হয়নি। নতুন ওসির এমন মহৎ উদ্যোগ সমাজে শান্তির বারতা বইবে বলে আশা করেন তারা।
এ ব্যাপারে রৌমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির ভিন্নবার্তা ডটকমকে বলেন, রৌমারীতে মাদক জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের সাথে কোন আপোষ নেই। রৌমারীর আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ কখনো আপোষ করবে না।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস