
মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব রৌমারী উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক (চেয়ারম্যান) এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্জ আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক রাজু আহাম্মেদ, মনজুরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান তারা, যাদুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন আকন্দ, ছাত্রদল আহ্বায়ক নাজমুল হোসেন রানা, সদস্য সচিব ফারুক আহমেদ বাবু, মহিলা দলের সভাপতি শাহাজাদী ইয়াসমিন শিল্পী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, চরশৌলমারী ইউনিয়ন আহ্বায়ক আব্দুস ছাত্তার, দাঁতভাঙ্গা ইউনিয়নের শহিদুল বিএসসি, শৌলমারী ইউনিয়নের আহ্বায়ক মনিরুজ্জামান, বন্দবেড় ইউনিয়নের আহ্বায়ক কাজিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসবে সহযোগিতা ও সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় দল অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হওয়ার জন্য সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনায় নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তৃণমূলের সাথে নিয়মিত যোগাযোগ ও সভা-সমাবেশ না করায় অনেকেই দলের প্রতি আস্থা হারাচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী তৃণমূলে সক্রিয় ভূমিকার মাধ্যমে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করছে। তাই ঘরে বসে না থেকে বিএনপির নীতি-আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার তাগিদ দেন বক্তারা।
তারা আরও বলেন, বিএনপিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও গঠনতন্ত্র মোতাবেক রাজনৈতিক কার্যক্রমই দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে।
শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের সমন্বয়ে পূজা মণ্ডপ কমিটি গঠন করা হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত এ আলোচনা সভা চলে।