
মমতাজ তুমি আজ কবরে ঘুমিয়ে,
হারেম করেছে গ্ৰাস কালের রসনা,
রয়েছো কবরে লয়ে অতৃপ্ত বাসনা,
রূপে বিমোহিত বিশ্ব অবাক বিস্ময়ে।
রূপ শুধু দেখে সবে মুগ্ধ চোখ দিয়ে,
মর্মরে যে অশ্রু ঝরে কেন বোঝে না,
চাঁদ বুঝে তাই কাঁদে ঝরায়ে জোছনা,
যমুনা ভোলায় তারে চুমিয়ে চুমিয়ে।
কবরে বিরাজো প্রিয়া অন্তিম শয়নে,
রূপসী গো রূপ দেখে আঁখি নাহি সরে,
প্রেমের পিয়াস জাগে প্রেমিক নয়নে,
কালের কালিমা মুছে রূপ তব ঝরে,
বিরহিনী গাঁথো মালা মর্মর চয়নে,
জমাট বেঁধেছে কান্না তোমার মর্মরে।