
ভিন্নবার্তা প্রতিবেদক: চুরি ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে।
আজ সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ৫৬ মিনিটে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
অন্যদিকে, ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সহিংসতার ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আজ সোমবার এই মামলায় তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ১৯ এপ্রিল মামুনুলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল হক। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
ভিন্নবার্তা ডটকম/এসএস