
সংবিধান অনুযায়ী একটি নির্দিষ্ট আইনি কাঠামো তৈরিসহ সাত দফা প্রস্তাবনা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।
রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে অংশ নিয়ে দলটির নেতারা এই প্রস্তাব দেন। একই দিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশের সমাজতান্ত্রি দল-বাসদের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তারা এই সংলাপে অংশ নেয়নি।
ন্যাপের কার্যকরী সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, কাজী সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পার্থসারথি চক্রবর্তী এবং সম্পাদকমণ্ডলীর সদস্য অনিল চক্রবর্তী।
সংলাপে অংশ না নেওয়া প্রসঙ্গে বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, আমরা এর আগে দুইবার সংলাপে অংশ নিয়েছি। সেই সংলাপে দলের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো দিয়েছিলাম, সেইগুলো এখনো প্রাসঙ্গিক। আগের সেই প্রস্তাবনাগুলো এখনো বাস্তবায়ন হয়নি। ফলে এখন আবার সংলাপে গিয়ে কী লাভ?
এদিকে ন্যাপের সঙ্গে সংলাপ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সংলাপে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি স্বাধীন, কার্যকরী গ্রহণযোগ্য ইসি গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সাত দফা দাবি পেশ করেন। প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণয়ন করা। ইসি গঠনের ক্ষেত্রে যোগ্য, দক্ষ, নির্মোহ, সৎ ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়োগ দেওয়া। জবাবদিহিমূলক নির্বাচন কমিশন গঠন করা। স্বাধীনতার চেতনাবিরোধী ব্যক্তি ও রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা।
বিকাল ৪টায় বঙ্গভবনে প্রবেশ করেন ন্যাপের প্রতিনিধি দল। এ সময় রাষ্ট্রপতি তাদেরকে স্বাগত জানান। রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশন গঠন একটি সাংবিধানিক দায়িত্ব এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনই সংলাপের আলোচনার মূল লক্ষ্য। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি দক্ষ, শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে। তিনি এ সময় ইসি গঠনে সব রাজনৈতিক দলগুলোর সার্বিক সহযোগিতা কামনা করেন।
গত ২০ ডিসেম্বর প্রথম দিনে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
আগামীকাল (সোমবার) বিকাল ৪টায় বৈঠক হবে বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং সন্ধ্যা ছয়টায় খেলাফত মজলিসের সঙ্গে। ২৮ ডিসেম্বর মঙ্গলবার বিকাল চারটায় বৈঠক হবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে। ২৯ ডিসেম্বর বুধবার বিকাল চারটায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের সঙ্গে এবং ইসলামী ঐক্যজোট সঙ্গে আলোচনা হবে সন্ধ্যা ৬টায়।
২ জানুয়ারি বৈঠক হবে গণফোরামের সঙ্গে সন্ধ্যা ছয়টায় এবং বিকল্প ধারা বাংলাদেশের সঙ্গে একই দিন সন্ধ্যা সাতটায়, আগামী ৩ জানুয়ারি সংলাপ হবে গণতন্ত্রী পার্টির সঙ্গে সন্ধ্যা ৭টায় এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সন্ধ্যা সাড়ে সাতটায়। অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার তারিখ এখনো নির্ধারিত হয়নি।
ভিন্নবার্তা ডটকম/আর